আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মুরসি আহমাদিনেজাদ বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গতকাল মঙ্গলবার ঐতিহাসিক সফরে কায়রোতে পৌঁছেছেন। ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই প্রথম দেশটির কোনো প্রেসিডেন্টের মিসর সফর। কায়রোতে গতকালই মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে আহমাদিনেজাদ বৈঠক করেছেন।মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে আহমাদিনেজাদের কায়রো পৌঁছানোর ভিডিওচিত্র প্রচার করা হয়। এতে দেখা যায়, কায়রো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাচ্ছেন প্রেসিডেন্ট মুরসি। অন্যদিকে মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা জানায়, কায়রো বিমানবন্দরে আহমাদিনেজাদকে মুরসি স্বাগত জানানোর কিছুক্ষণ পর দুই নেতা বৈঠকে বসেন। এ সময় তাঁরা আঞ্চলিক বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন এবং ‘সামরিক হস্তক্ষেপ ছাড়াই...সিরিয়ায় রক্তপাত বন্ধের উপায়’ নিয়ে আলোচনা করেন। এ ছাড়া ইরান-মিসর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা নিয়েও দুই নেতা আলোচনা করেছেন বলে জানানো হয়েছে।এর আগে ইরানের গণমাধ্যম জানায়, আহমাদিনেজাদ কায়রোতে তিন দিন অবস্থান করবেন। সেখানে তিনি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি সম্মেলনে যোগ দেবেন। এ ছাড়া তিনি মিসরের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তেহরান ত্যাগের আগে আহমাদিনেজাদ সাংবাদিকদের বলেন, সফরকালে তিনি কায়রোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার চেষ্টা করবেন।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, আহমাদিনেজাদ বলেছেন, ‘আমি ইরান ও মিসরের মধ্যে সহযোগিতার ক্ষেত্র উন্নয়নের পথ সুগম করার চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘এই সফর সুস্পষ্টভাবেই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করবে।’ তবে এ বিষয়ে বিশদ ব্যাখ্যা দেননি তিনি।১৯৮০ সালে মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত মিসর ও ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তি করলে, সেই ঘটনার প্রতিবাদে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইরান। ২০১২ সালে মুরিস ক্ষমতা গ্রহণের পরও মিসর ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন প্রশ্নে সতর্কভাবে এগিয়েছে। বিশেষ করে সিরিয়ায় সংঘাতের বিষয়ে দুই দেশের অবস্থান বিপরীতমুখী। ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে সমর্থন দিয়ে এলেও মিসর তাঁর পদত্যাগের বিষয়ে সৌদি আরব, তুরস্ক ও কাতারের সঙ্গে সব সময় সরব রয়েছে। সাবেক প্রধান কৌঁসুলিকে গ্রেপ্তারের সমালোচনা: এদিকে তেহরানের সাবেক প্রধান কৌঁসুলি মোরতাজাভিকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। প্রেসিডেন্ট আহমাদিনেজাদের ঘনিষ্ঠ এই সহযোগীকে গ্রেপ্তারের ঘটনায় দেশটির ক্ষমতাসীনদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বকে সামনে নিয়ে এসেছে। আহমাদিনেজাদ এই গ্রেপ্তারের কড়া সমালোচনা করেছেন।রাষ্ট্রী গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রেপ্তারের পর মোরতাজাভিকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে স্থানান্তর করা হয়েছে। দেশটির গ্রেপ্তার হওয়া অনেক রাজনৈতিক বন্দী ও সাংবাদিকদের বছরের পর এই কারাগারে রাখা হয়। মোরতাজাকে গ্রেপ্তারের কোনো কারণ উল্লেখ করেনি তেহরানের কৌঁসুলির দপ্তর। ইরনার খবরে বলা হয়, মিসরের উদ্দেশে গতকাল দেশ ছাড়ার আগে আহমাদিনেজাদ সাংবাদিকদের ওই গ্রেপ্তারের ঘটনাকে ‘খুবই কুৎসিত পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন। মিসর থেকে দেশে ফিরে তিনি মোরতাজাভির ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানান।মোরতাজাভিকে ২০১০ সালের আগস্ট মাসে বরখাস্ত করা হয়। সে সময় আরও দুজন বিচারককে বরখাস্ত করা হয়েছিল। ২০০৯ সালের নির্বাচন-পরবর্তী ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজন সরকারবিরোধী বিক্ষোভকারী কারাগারে মারা যাওয়ার প্রেক্ষাপটে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল।গত রোববার দেশটির পার্লামেন্টের গোলযোগপূর্ণ অধিবেশনে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন এই মোরতাজাভি। এএফপি ও বিবিসি।