ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি আগেই প্রথম বিদেশ সফরের জন্য প্রতিবেশী ভুটানকে বেছে নিয়েিছলেন৷ গতকাল রোববার দুই দিনের সফরে তিনি ভুটানের রাজধানী থিম্পু পৌঁছান৷পারস্পরিক উন্নয়ন সহযোগিতা ‘আরও কার্যকর’ করাই মোদির এই সফরের লক্ষ্য বলে উল্লেখ করা হচ্ছে৷ খবর পিটিআই, এএফপি ও রয়টার্সের৷
থিম্পুতে বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী সেরিং টোবগে৷ মোিদ দুই দিনের সফরে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী সেরিং টোবগের সঙ্গে পৃথক বৈঠক করবেন৷ বৈঠকে পারস্পরিক সম্পর্ক জোরদারসহ বাণিজ্য ও পানি-বিদ্যুৎ প্রকল্পের বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে৷ এ ছাড়া ভুটানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে মোদির৷ ভারতের সহায়তায় নির্মিত ভুটানের সুপ্রিম কোর্ট ভবনের উদ্বোধন করবেন তিনি৷ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৬০০ মেগাওয়াট পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেরও৷
ভুটান সফরে যাওয়ার আগের দিন গত শনিবার এক বিবৃতিতে মোদি বলেন, ভারত-ভুটান অনন্য ও বিশেষ সম্পর্ক উপভোগ করে...ভৌগোলিক, ঐতিহাসিক ও সংস্কৃতিগত দিক থেকে এই দুই দেশের মধ্যে সম্পর্ক রয়েছে৷ প্রথম বিদেশ সফর হিসেবে ভুটানকে বেছে নেওয়া প্রসঙ্গে মোদি বলেন, এটা তাঁর ‘সহজাত পছন্দ’৷ তিনি বলেন, ‘আমার সরকারের পররাষ্ট্রনীতিতে ভুটান অগ্রাধিকার পাবে৷’
এ বিষয়ে পররাষ্ট্রসচিব সুজাতা সিং এক সংবাদ সম্মেলনে বলেন, ভুটান কৌশলগতভাবে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার৷... দক্ষিণ এশিয়ায় ভারতের বন্ধুত্বের বিশেষ চিহ্ন ভুটান৷ এ কারণেই প্রধানমন্ত্রী মোদি প্রথম বিদেশ সফর হিসেবে ভুটানকেই বেছে নিয়েছেন৷
মোদির সফরসঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রসচিব সুজাতা সিং প্রমুখ৷
বিশ্লেষকেরা বলছেন, প্রধানমন্ত্রী মোদির প্রথম বিদেশ সফর হিসেবে ভুটানকে বেছে নেওয়া ভারতের আঞ্চলিক প্রভাব বিস্তারের চেষ্টারই প্রতিফলন৷ মোদির লক্ষ্য হলো, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অবকাঠামো নির্মাণে প্রধান ঋণদাতা হিসেবে নয়াদিল্লিকে প্রতিষ্ঠিত করা, প্রতিবেশী পরাশক্তি চীন এশিয়া ও আফ্রিকার দেশগুলোর ক্ষেত্রে যেটা করতে সক্ষম হয়েছে৷ কোনো কোনো বিশ্লেষকের মতে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদারই প্রধানমন্ত্রী মোদির প্রথম সফর হিসেবে ভুটানকে বেছে নেওয়া৷