আঞ্চলিক যুদ্ধজয়ে সেনাবাহিনীকে সক্ষম করে তোলা হবে: জিয়াবাও
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেছেন, ‘আঞ্চলিক যুদ্ধে’ জয়ী হতে চীন তার সেনাবাহিনীকে অবশ্যই সক্ষম করে গড়ে তুলবে। গতকাল সোমবার চীনা পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। গতকালই চীনা পার্লামেন্ট ‘ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি)’ ওই বার্ষিক অধিবেশন শুরু হয়।প্রধানমন্ত্রী জিয়াবাও বলেন, ‘বড় পরিসরে সামরিক কাজ সম্পাদনে আমরা সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াব। এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, তথ্যপ্রযুক্তির এই যুগে আঞ্চলিক যুদ্ধে জয়লাভ করা। তথ্যপ্রযুক্তির এই যুগের আওতায় আমরা সক্রিয়ভাবে সামরিক প্রশিক্ষণ চালিয়ে যাব।’জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনামসহ আঞ্চলিক কয়েকটি দেশের সঙ্গে চীনের বিরোধ সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। প্রতিবেশী দেশগুলো বেইজিংয়ের বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণের অভিযোগ তুলেছে। গত রোববার চীনা সরকার ঘোষণা দেয়, ২০১২ সালে সামরিক খাতে তাদের ব্যয় ১০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে, যা গত বছরের তুলনায় ১১ দশমিক ২ শতাংশ বেশি। গত এক দশকজুড়ে প্রায় প্রতিবছরই চীনের সামরিক বাজেট দুই অঙ্ক করে বাড়ানো হয়েছে। দেশটি এশিয়ায় তার সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এসব কারণে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে চীন বলেছে, সামরিক ব্যয় বাড়ানো স্বাভাবিক ঘটনা এবং তা অন্য কোনো দেশের জন্য হুমকি বয়ে আনবে না। পুলিশ বাহিনীর বাজেট: ২০১২ সালে চীন পুলিশ বাহিনীর পেছনে ব্যয় করবে ১১ হাজার ১৬০ কোটি মার্কিন ডলার। চীনা সরকার গতকাল এ কথা জানায়। দেশের নেতৃত্ব পরিবর্তনে সামাজিক অস্থিরতা বাড়ার পরিপ্রেক্ষিতে পুলিশ বাহিনীর আধুনিকায়নের দিকে চীনা সরকার মনোযোগ দিচ্ছে বলে ভাবা হচ্ছে। জাপানের উদ্বেগ: চীন সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ জাপান। টোকিওর শীর্ষ সরকারি মুখপাত্র সামরিক বিষয়ে বৃহত্তর স্বচ্ছতা দেখানোর জন্য চীনা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এএফপি।