আঞ্চলিক সংস্থায় প্যারাগুয়ের সদস্যপদ স্থগিত করা হচ্ছে
প্যারাগুয়ের প্রেসিডেন্ট ফার্নান্দো লোগোকে অভিশংসিত করায় দক্ষিণ আমেরিকার বাণিজ্য সংস্থা মারকোসায় দেশটির সদস্যপদ স্থগিত করার পরিকল্পনা করা হচ্ছে। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও প্যাটরিয়োটা গতকাল শুক্রবার আর্জেন্টিনায় সংস্থাটির শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে এ কথা জানান।তবে পররাষ্ট্রমন্ত্রী প্যাটরিয়োটা এও জানান, আর্জেন্টিনা, ব্রাজিল ও উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীরা দেশটির বিরুদ্ধে কোনো ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাননি। সম্মেলনে দক্ষিণ আমেরিকার আঞ্চলিক এসব নেতা প্যারাগুয়ের প্রথমবারের মতো নির্বাচিত বামপন্থী প্রেসিডেন্টকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়াটাকে পার্লামেন্টের অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেন। আত্মপক্ষ সমর্থনের জন্য ২৪ ঘণ্টারও কম সময় দিয়ে প্যারাগুয়ের সিনেট সদস্যরা প্রেসিডেন্ট লোগোকে অভিশংসিত করেন।গত সপ্তাহে একটি জমির দখল থেকে ভূমিহীন কৃষকদের উচ্ছেদের ঘটনায় পুলিশ ও কৃষকসহ ১৭ জন নিহত হওয়ার ঘটনায় অভিশংসনের মুখোমুখি করা হয় প্রেসিডেন্টকে। পার্লামেন্টে অভিশংসিত হয়ে প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য হন লোগো। এর কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্টের দায়িত্ব নেন লোগোর ভাইস প্রেসিডেন্ট ফেদারিকো ফ্রাঙ্কো।আঞ্চলিক বাণিজ্য সংস্থা মারকোসার চার প্রতিষ্ঠাতা দেশের মধ্যে অন্যতম প্যারাগুয়ে। বাকি তিনটি দেশ হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে। বিবিসি।