আট বছরে ভারতে পদপিষ্ট হয়ে ৭৩৯ জনের মৃত্যু
গত আট বছরে ভারতের বিভিন্ন মন্দির ও ধর্মীয় স্থানে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অন্তত ৭৩৯ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। সর্বশেষ পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের প্রতাপগড়ের একটি মন্দিরে। এখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে।২০০৩ সালের আগস্ট মাসে মহারাষ্ট্রের নাসিকে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মারা যান ৪০ জন। আহত হন আরও ১২৫ জন। ২০০৫ সালের জানুয়ারিতে মহারাষ্ট্রের মান্ধার দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মারা যান ৩০০ জন পুণ্যার্থী। ২০০৬ সালের নভেম্বরে উড়িষ্যার পুরীতে রথযাত্রায় পদপিষ্ট হয়ে মারা যান চারজন পুণ্যার্থী। ২০০৭ সালের অক্টোবরে গুজরাটের পাওয়াগাঁতে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। ২০০৮ সালের জুলাইয়ে পুরীতে রথযাত্রার সময় ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা যান ছয়জন। ২০০৮ সালের আগস্টে হিমাচল প্রদেশের নয়না দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে মারা যান ১৫০ জন পুণ্যার্থী।২০০৮ সালের সেপ্টেম্বরে রাজস্থানের যোধপুরের চামুণ্ডা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মারা যান ১৫০ জন। একই বছরের ৩০ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের কারিলা গ্রামের একটি মন্দিরে ভিড়ের চাপে মারা যান আটজন। একই বছরের সেপ্টেম্বর মাসে অন্ধ্র প্রদেশের বিজয়ওয়ারা দুর্গা মালেশ্বরী মন্দিরে ভিড়ের চাপে মারা যান পাঁচজন পুণ্যার্থী।