আট মাস পর মুক্তি পেলেন সুইস দম্পতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানি তালেবান জঙ্গিদের হাতে অপহূত হওয়ার আট মাস পর সুইজারল্যান্ডের এক দম্পতিকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের উদ্ধার করা হয়। দেশটির সেনাবাহিনী জানায়, ওই দম্পতি দাবি করেছেন, তাঁরা অপহরণকারীদের হাত থেকে পালিয়ে এসেছেন।গত বছরের ১ জুলাই অলিভিয়ার ডেভিড (৩১) ও ডেনিয়েলা উইডমার (২৮) নামের ওই দম্পতিকে অস্ত্রের মুখে বেলুচিস্তান প্রদেশ থেকে অপহরণ করা হয়। তাঁদের বহনকারী নীল রঙের ওয়াগন গাড়িটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে ১৭০ কিলোমিটার পূর্বে লোরালাই এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এই দম্পতির পাসপোর্ট অনুযায়ী দেখা যায়, তাঁরা ২৮ জুন ভারত থেকে পাকিস্তানে এসেছিলেন।সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস এএফপিকে জানান, ‘ওই দম্পতি নিরাপদে এবং সুস্থ আছেন। তাঁদের দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এএফপি।