আট শিশু হত্যায় মায়ের বিরুদ্ধে অভিযোগ
অস্ট্রেলিয়ার কেয়ার্নস শহরে এক নারীর বিরুদ্ধে তাঁর সাত সন্তান ও ভাতিজিকে হত্যার অভিযোগ এনেছে পুলিশ।
আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মারসানে ওয়ারিয়া নামের ৩৭ বছর বয়সী ওই নারী পুলিশি প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন। ছুরি দিয়ে তিনি নিজেই নিজেকে আহত করেছেন।
গত শুক্রবার কুইন্সল্যান্ড রাজ্যের কেয়ার্নস শহরের উপকণ্ঠ ম্যানুরার একটি বাড়ি থেকে আট শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুদের মধ্যে চারটি ছেলে ও চারটি মেয়ে। তাদের বয়স ১৮ মাস থেকে ১৪ বছর।
আট শিশুর লাশের পাশে ওই নারীকে আহত অবস্থায় পাওয়া যায়। নিহত সাত শিশু তাঁর সন্তান। অন্যজন তাঁর ভাইয়ের মেয়ে।
বাড়িটি থেকে ছুরিসহ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।
কর্মকর্তারা বলেছেন, ওই আট শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশগুলোর ময়নাতদন্ত করা হচ্ছে।
ফুলসহ নানা ধরনের উপহারসামগ্রী দিয়ে নিহত শিশুদের স্মরণ করছেন প্রতিবেশীরা। এ ছাড়া স্থানীয় গির্জায় প্রার্থনাও করা হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবেট এক বিবৃতিতে এ ঘটনাকে ‘বর্ণনাতীত অপরাধ’ বলে মন্তব্য করেছেন।
আরও জানতে পড়ুন: