অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের একটি বাড়ি থেকে আট শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এলোপাতাড়ি ছুরি মেরে ওই শিশুদের হত্যা করা হয়েছে। খবর রয়টার্সের।
পুলিশ গতকাল শুক্রবার দুপুরের দিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে রাজ্যের কেয়ার্নস শহরের উপকণ্ঠ ম্যানুরার ওই বাড়িতে যায়। সেখানে ওই শিশুদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এ ছাড়া গুরুতর আহত এক নারীকে (৩৪) উদ্ধার করে পুলিশ। তিনি নিহত অন্তত সাত শিশুর মা বলে ধারণা করা হচ্ছে।
হত্যাকাণ্ডের শিকার শিশুদের বয়স ১৮ মাস থেকে ১৫ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ছোট শহরটিতে শোকের ছায়া নেমে আসার পাশাপাশি তা নাড়া দিয়েছে গোটা দেশকে।
এ নির্মম হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তদন্তের সঙ্গে যুক্ত গোয়েন্দারা ঘটনার সূত্র পেতে বাড়ির বিভিন্ন অংশে অনুসন্ধান চালান।
গোয়েন্দা পরিদর্শক ব্রুনো আসনিকার বলেন, ‘এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।’
আদিবাসী অধ্যুষিত এই এলাকায় অপরাধ প্রবণতা বেশি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কুইন্সল্যান্ড পুলিশের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে ওই এলাকার এক বাসিন্দা ফোন করে এক নারীর আহত হওয়ার কথা জানান। ঘটনাস্থলে গিয়ে বাড়ির ভেতরে শিশুদের লাশ পায় পুলিশ।
এই হত্যাকাণ্ডকে ‘হৃদয়বিদারক’ ঘটনা আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। তিনি বলেছেন, ‘এ ঘটনায় সব শিশুর বাবা-মাই গভীর বেদনা বোধ করবেন। এ অপরাধ ভাষায় প্রকাশ করার মতো নয়। এই শিশুদের জন্য আজ রাতে সারা দেশে অশ্রু ঝরাবে। প্রার্থনাও চলবে।’
অস্ট্রেলিয়ায় এ ধরনের একাধিক খুনের ঘটনা তুলনামূলকভাবে বিরল। সিডনি নগরে জিম্মি ঘটনায় জিম্মিকারীসহ তিনজন নিহত হওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে এ রক্তপাতের ঘটনা ঘটল।