আটক এক ইমামকে নিয়ে জোর তদন্তে সিউল
দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, ভুয়া পাসপোর্ট নিয়ে ভ্রমণ করার দায়ে আটক মুসলিম ইমাম জঙ্গি কর্মকাণ্ডে জড়িত কি না, তারা তা তদন্ত করে দেখছে।দক্ষিণাঞ্চলের দায়েগু নগরে এক মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালনকারী ৩১ বছর বয়সী ওই ইমামকে ২০০৩ সালের আগস্ট মাস থেকে আরেকজন পাকিস্তানির পাসপোর্ট ব্যবহার করে ১৭ বার কোরিয়ায় যাওয়া-আসার অভিযোগে গত বৃহস্পতিবার আটক করা হয়। পুলিশ জানায়, তিনি তাঁর বন্ধুদের কাছে নিজেকে একজন তালেবান সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। তবে তাঁর এ দাবি যাচাই করা হয়নি।দক্ষিণ কোরিয়ায় ইসলামি জঙ্গিবাদী তৎপরতার কোনো ইতিহাস নেই। তবে মার্কিন নেতৃত্বাধীন মিশনে সহায়তা দিতে তারা আফগানিস্তানে সেনা পাঠাতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া চলতি বছর জি-টোয়েন্টিভুক্ত দেশগুলোর মন্ত্রী ও নেতাদের সম্মেলনও আয়োজন করতে যাচ্ছে।ন্যাশনাল পুলিশ এজেন্সির একজন গোয়েন্দা এএফপিকে জানিয়েছেন, তদন্তকারীরা সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে প্রাপ্ত গোপন সূত্রের সংবাদ যাচাই করছেন। সন্দেহভাজন ইমামের নাম এখনো প্রকাশ করা হয়নি। ওই ইমাম ইসলামি দেশগুলো থেকে আসা ছাত্রদের মধ্যে জিহাদি কর্মকাণ্ডের প্ররোচনা দিতেন বলে অভিযোগ রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা বলেন, ওই ব্যক্তি মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ করেছেন এবং তা পাকিস্তানে তালেবান নেতাদের কাছে পাঠিয়েছেন কি না, তাঁরা তা তদন্ত করে দেখছেন। দক্ষিণ কোরিয়ায় ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা রয়েছে।ন্যাশনাল পুলিশ এজেন্সির এক কর্মকর্তা বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তি সব অভিযোগ অস্বীকার করছেন। কিন্তু আমরা জি-টোয়েন্টি সম্মেলনের আগে কোনো কিছুই যাচাইয়ের বাইরে রাখব না। একজন ধর্মীয় নেতা কেন জাল পাসপোর্ট ব্যবহার করবেন, তা বোঝা কঠিন। তিনি ধর্মীয় কর্মকাণ্ডের বাইরে অন্য কিছু করেছেন কি না, আমরা তা যাচাই করছি।’মসজিদের একজন মুখপাত্র ইমামের সহিংসতায় প্ররোচনা দেওয়ার অভিযোগ নাকচ করে বলেছেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। কোনো প্রমাণ থাকলে তা প্রদর্শন করতে পুলিশের প্রতি আমি চ্যালেঞ্জ জানাচ্ছি।’ এএফপি।