আটকে পড়া শিক্ষার্থীদের স্কুলে যাত্রীদের গাড়িতে রাত যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের স্কটল্যান্ডে গত সোমবার প্রচণ্ড তুষারপাতে জনজীবন অচল হয়ে পড়ে। একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১০০ শিক্ষার্থী আটকা পড়ে। বৈরী আবহাওয়ার কারণে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে রাত কাটাতে বাধ্য হয় তারা। স্কটল্যান্ডের বিভিন্ন সড়কে তুষারের স্তূপ জমে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এতে শত শত গাড়িচালক ও যাত্রী গাড়ির ভেতর রাত কাটায়।উত্তর-পশ্চিম ইংল্যান্ড ও উত্তর-পূর্ব স্কটল্যান্ডে তাপমাত্রা গতকাল মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তুষারপাতে ঠান্ডাজনিত কারণে এ পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। তুষারপাতের সর্বশেষ শিকার একজন বৃদ্ধ। ইংল্যান্ডের লিংকনশায়ারের একটি বিনোদন কেন্দ্রে তুষারের স্তূপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।নতুন করে তুষারপাত শুরু হওয়ায় ব্রিটেনের বিভিন্ন এলাকায় পুরু হয়ে বরফ জমেছে। বিরূপ আবহাওয়ার কারণে সোমবার বিকেলে ছুটির পর স্কটল্যান্ডের সাউথ লানার্কশায়ারের হ্যামিলটন একাডেমির প্রায় ১০০ জন শিক্ষার্থী বাড়ি ফিরতে পারেনি। এ সময় অভিভাবকেরা অনেক চেষ্টা করেও তাঁদের বাড়ি ফিরিয়ে নিতে ব্যর্থ হন। পরে এসব শিক্ষার্থী তাদের শ্রেণীকক্ষে রাত কাটায়। বিদ্যালয়ের অধ্যক্ষ মার্গারেট ক্লার্ক বলেন, বিরূপ আবহাওয়ার কারণে ৯০ থেকে ১০০ শিক্ষার্থী সেখানে রাত কাটায়। নতুন করে তুষারপাতের কারণে স্কটল্যান্ডে সোমবার রাতে শত শত যাত্রী সড়কে আটকে পড়া গাড়ির ভেতর রাত কাটায়। এ সময় গ্লাসগোতে তাপমাত্রা মাইনাস ১৫ ও এডিনবরায় মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। গ্লাসগো ও এডিনবরার মধ্যবর্তী এম৮ সড়কে এক ফুট পুরু হয়ে বরফ জমে। পরিস্থিতি সামাল দিতে সরকারের কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন। বড় বড় সড়কে আটকে পড়া চালক ও যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায় পুলিশ। তুষারপাতের কারণে গ্লাসগো ও এডিনবরা বিমানবন্দর গতকাল কিছু সময়ের জন্য বন্ধ রাখার পর আবার খুলে দেওয়া হয়। স্কটল্যান্ডের পরিবহনমন্ত্রী স্টুয়ার্ট স্টিভেনসন বলেন, দেশ এখন এযাবৎকালের ভয়াবহ তুষারপাতের কবলে পড়েছে। গত শতকের ষাটের দশকের পর তুষারপাত পরিস্থিতি এই প্রথম এতবেশি গুরুতর আকার ধারণ করেছে। এএফপি, গার্ডিয়ান, ডেইলি মেইল অনলাইন।