আটজনে একজন বায়ুদূষণে মারা যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে প্রতি আটজনের মধ্যে একজন বায়ুদূষণে মারা যাচ্ছে। বায়ুদূষণই বিশ্বের সবচেয়ে বড় পরিবেশগত স্বাস্থ্যঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সূত্রে এ তথ্য জানা যায়।

আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, গত সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউএইচও-এর বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে উল্লিখিত তথ্য জানানো হয়। এই প্রথমবারের মতো সংস্থাটি মানবস্বাস্থ্যের ওপর বায়ুদূষণের প্রভাব নিয়ে আলোচনার আয়োজন করে। সমাবেশে স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের প্রভাব মোকাবিলায় একটি প্রস্তাব গ্রহণ করা হয়।
গত বছর বিশ্বের ৯১টি দেশের এক হাজার ৬০০টি শহরের বায়ুর অবস্থা নিয়ে একটি গবেষণা চালায় ডব্লিউএইচও। সেখানে নগরগুলোর মধ্যে ভারতের দিল্লিতে সবচেয়ে বেশি বায়ুদূষণ বলে উল্লেখ করা হয়। বায়ুদূষণে ভারত ও চীনের অবস্থা শোচনীয় বলে জানানো হয়।
ডব্লিউএইচওর তথ্য, বায়ুদূষণের কারণে নানা রকমের রোগের প্রাদুর্ভাব ঘটেছে। ঘরের মধ্যে ও বাইরে নানাভাবে বায়ুদূষণের কারণে গত এক দশকে রোগ সংক্রমণের হার প্রায় চার গুণ বেড়েছে।
ডব্লিউএইচওর তথ্য, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর ৮০ লাখ লোক প্রাণ হারায়। এর মধ্যে ৩৭ লাখ লোক কেবল ঘরের-বাইরের বায়ুদূষণের কারণে মারা যায়। বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো বায়ুদূষণের প্রধান শিকার। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে শতকরা ৮৮ ভাগই এসব দেশের মানুষ।
বায়ুদূষণের কারণে শ্বাসযন্ত্রের রোগ, বিভিন্ন ধরনের হৃদরোগ ও ক্যানসার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।