আতঙ্কিত মুরসিপন্থীরা মসজিদে অবরুদ্ধ

মিসরের রাজধানী কায়রোর ফাতেহ মসজিদে গতকাল বৃহস্পতিবার রাত থেকে আশ্রয় নিয়েছে মুরসির কয়েক শ সমর্থক। আটক হওয়া ও বেঘোরে প্রাণ হারানোর ভয়ে আতঙ্কিত তারা।
এসব মুরসিপন্থীর দাবি, সাদা পোশাক পরা নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের হত্যা করার চেষ্টা করছে। সেনাদের দাবি, মসজিদের ভেতর থেকে গুলি ছোড়া হচ্ছে। আজ শনিবার আল-জাজিরা ও বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
গতকাল শুক্রবার কায়রোর রামসেস স্কয়ারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুরসিপন্থীদের সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়। এ ঘটনায় ব্রাদারহুড ও মুরসির সমর্থক অনেকে এখন আতঙ্কিত।
ওই মসজিদের ভেতরে থাকা একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল-জাজিরার খবরে জানানো হয়, এর ভেতরে প্রায় ৭০০ মানুষ আটকা পড়েছে। আটকে পড়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ওই মসজিদের চারপাশ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পুলিশ বলছে, আটকে পড়া নারী ও শিশুরা বেরিয়ে আসতে পারবে। তবে জিজ্ঞাসাবাদের জন্য পুরুষদের ভেতরেই অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
আটক হওয়া বা সহিংসতার ভয়ে মসজিদে আটকে পড়া ব্যক্তিরা বের হয়ে আসতে চাইছে না।
মুরসিপন্থীদের দাবি, সাদা পোশাক পরিহিত পুলিশ, সেনাসদস্য ও ‘গুন্ডারা’ মসজিদের ভেতর গণহত্যা চালানোর চেষ্টা করছে।
সেনাবাহিনীর একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযোগ করেন, মসজিদে অবস্থান নেওয়া ব্যক্তিরা ভেতর থেকে আশপাশের বাড়িগুলোকে লক্ষ্য করে গুলি ছুড়ছে।
মিসরের সাবেক প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই তাঁকে পুনর্বহালের দাবিতে রাজপথে অবস্থান নিয়েছে মুসলিম ব্রাদারহুডের সমর্থকেরা। এর জের ধরে গত বুধবার দেশটিতে ঘটে গেছে কয়েক দশকের সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা।
সরকারি তথ্যমতে, ওই দিন ৭০০ মানুষ নিহত হয়েছে। এ ঘটনার রেশ কেটে যেতে না যেতেই গতকাল দেশটির বিভিন্ন স্থানে দিনভর সহিংসতায় নতুন করে শতাধিক মানুষ নিহত হয়।
এসব ঘটনার প্রতিবাদে সপ্তাহব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে মুসলিম ব্রাদারহুড।