আতঙ্কে মায়ের বাড়ি থেকে পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসন এলাকায় মা ও সত্বাবার বাড়িতে দুই বছর ধরে বন্দী থাকার পর দুই বোন গত মঙ্গলবার পালিয়ে যায়। দুই বোনের অভিযোগ, মা ও বাবা তাদের ওই বাড়িতে আটকে রেখেছিলেন। গতকাল শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।

এ অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের আরও এক বোনকে ওই বাড়ির একটি ঘর থেকে আটক অবস্থায় উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

উদ্ধার হওয়া তিন বোনের প্রত্যেকের বয়স ১৮ বছরের নিচে। বড় বোনের বয়স ১৭, মেজো বোনের ১৩ ও ছোট বোনের ১২ বছর।

খবরে বলা হয়, গত মঙ্গলবার ছোট দুই বোন জানালা দিয়ে বের হয়ে দেয়াল টপকে প্রতিবেশীর বাড়িতে পালিয়ে যায়। তারা অভিযোগ করে, সত্বাবা তাদের শয়নকক্ষের দরজায় অনবরত লাথি মারতেন এবং ছুরি দিয়ে ভয় দেখাতেন। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই ঘর থেকে ১৭ বছর বয়সী বড় মেয়েটিকে উদ্ধার করে।

পুলিশের ভাষ্য, তিনটি মেয়েই অপুষ্টির শিকার। তাদের খুব নোংরা অবস্থায় পাওয়া গেছে। মেয়েগুলো ছয় সপ্তাহ গোসল করেনি। যে বাড়িটিতে তারা ছিল, সেটি প্রতি মুহূর্তে ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারিতে রাখা হতো। ঘরগুলো ছিল শব্দরোধী। বাড়িটিতে সারাক্ষণ উচ্চৈঃ শব্দে গান বাজত, যাতে ঘরের কোনো শব্দ বাইরে যেতে না পারে। মেয়েরা প্রায় দু বছর একে অপরের মুখ দেখেনি।

মেয়েদের মা সোফিয়া রিচার (৩২) ও সত্বাবা ফারনান্দো রিচারের বিরুদ্ধে শিশুদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার এবং অপহরণের অভিযোগ আনা হয়েছে।

বাড়িটি থেকে বড় মেয়েটির লেখা একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। সেখানে ১৮ মাসের বন্দিদশা ও অত্যাচারের বিশদ বর্ণনা রয়েছে।