আততায়ীর গুলিতে ইরানের বিজ্ঞানী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে দারিউস রেজাই নামের এক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। তিনি দেশটির বিতর্কিত পরমাণু কর্মসূচিতে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার বিকেলে রাজধানী তেহরানে অজ্ঞাত বন্দুকধারীরা তাঁকে গুলি করে হত্যা করে। আহত হন তাঁর স্ত্রী।এ ঘটনার জন্য ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে।সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, নিহত বিজ্ঞানীর নাম দারিউস রেজাই (৩৫)। পরমাণু সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরানের (এইওআই) সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে।শনিবার বিকেলে দারিউস ও তাঁর স্ত্রী তেহরানের একটি কিন্ডারগার্টেনের সামনে তাঁদের সন্তানের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাত হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে দারিউসকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই দারিউস মারা যান। এ সময় তাঁর স্ত্রী আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি। গতকাল রোববার পার্লামেন্টে তিনি বলেন, মার্কিন-ইহুদিবাদী সন্ত্রাসীরা শনিবারের ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি কী হতে পারে, সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের সতর্ক হওয়া উচিত। তিনি দেশটির নিরাপত্তা বাহিনীকে এ ধরনের কর্মকাণ্ডে কঠোর জবাব দেওয়ার জন্য জোরালো আহ্বান জানান। এএফপি ও রয়টার্স।