আত্মজীবনী প্রকাশের জন্য ১৫ লাখ ডলারের চুক্তি সই করেছেন অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, তাঁর আত্মজীবনী প্রকাশের বিষয়ে প্রকাশনা সংস্থাগুলোর সঙ্গে তাঁর ১৫ লাখ মার্কিন ডলারের বেশি অর্থের চুক্তি হয়েছে। ব্রিটেনের সংবাদপত্র সানডে টাইমস-এ গতকাল রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। অ্যাসাঞ্জ বলেন, সুইডেনের দুই নারী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির যে মামলা করেছেন, সে মামলায় আইনি লড়াই চালাতে এ অর্থ কাজে লাগবে। অ্যাসাঞ্জ বলেন, ‘আমি এ বই লিখতে চাইনি। কিন্তু আমাকে লিখতেই হবে। ইতিমধ্যে আইনি লড়াই চালাতে গিয়ে আমার দুই হাজার পাউন্ড খরচ হয়ে গেছে। এ মুহূর্তে নিজেকে বাঁচাতে এবং উইকিলিকসকে ধরে রাখতে অর্থের বড় প্রয়োজন।’অ্যাসাঞ্জ বলেছেন, চুক্তি অনুযায়ী মার্কিন প্রকাশনা সংস্থা আলফ্রেড এ নোফ আট লাখ এবং ব্রিটিশ প্রকাশনা সংস্থা ক্যানোনগেইট তাঁকে পাঁচ লাখ ডলার দেবে। এ ছাড়া অন্যান্য মার্কেট এবং সংস্থার কাছ থেকে পাওয়া অর্থসহ তাঁর উপার্জন ১৫ লাখ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।ক্রেডিট কার্ড কোম্পানি ভিসা ও মাস্টারকার্ড এবং ইন্টারনেট পেমেন্ট কোম্পানি পে পাল উইকিলিকসে অ্যাসাঞ্জভক্তদের দেওয়া অনুদান সরবরাহ করা বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক দি ব্যাংক অব আমেরিকাও উইকিলিকসের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করে দিয়েছে। এসব কারণে উইকিলিকস তহবিল সংকটে পড়েছে বলে তিনি জানান।অ্যাসাঞ্জ জামিনে ছাড়া পেয়ে বর্তমানে পূর্ব ইংলান্ডে তাঁর এক বন্ধুর বাড়িতে রয়েছেন। তাঁকে সুইডেন সরকারের কাছে হস্তান্তরের বিষয়ে আগামী ৭ ফেব্রুয়ারি শুনানি শুরু হবে। এএফপি।