আত্মপক্ষ সমর্থন করতে পারেন মার্কিন সেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগে গত মঙ্গলবার নতুন করে শুনানি শুরু হয়েছে। তথ্য ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহভাজন মার্কিন সেনা কর্মকর্তা এতে আত্মপক্ষ সমর্থন করতে পারেন।অভিযোগ প্রমাণিত হলে ব্র্যাডলি ম্যানিং (২৪) নামের ওই সেনা কর্মকর্তার যাবজ্জীবন সাজা হতে পারে। অভিযোগ রয়েছে, ইরাক ও আফগানিস্তান যুদ্ধসংক্রান্ত গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ও কূটনৈতিক তারবার্তা উইকিলিকসের কাছে পাচার করেন ম্যানিং। এতে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে বিব্রতকর অবস্থায় পড়েছে। ওয়াশিংটনের কাছে ফোর্ট মাইয়েড সামরিক ঘাঁটিতে এ শুনানি চলছে। সর্বশেষ শুনানিতে ম্যানিংকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। অভিযোগ রয়েছে, ভার্জিনিয়ার কুয়ানটিকো সামরিক কারাগারে ম্যানিংয়ের ওপর নির্যাতন চালানো হয়েছে। ২০১০ সালের মে মাসে ইরাক থেকে গ্রেপ্তারের পর তাঁকে কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে রাখা হয়। পরবর্তী সময়ে সেখান থেকে কুয়ানটিকোতে তাঁকে স্থানান্তর করা হয়।কৌঁসুলিরা জানান, শুনানিতে ম্যানিংয়ের আত্মপক্ষ সমর্থনের সময় আটকাদেশ অবস্থায় তাঁর ওপর নির্যাতনের কথা তুলে ধরতে পারেন।ম্যানিংয়ের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের আবেদন করেছেন কৌঁসুলিরা। তাঁরা বলেন, মার্কিন সামরিক বাহিনীর কোড অনুযায়ী, বিচারপূর্ব শাস্তি অবৈধ। এএফপি।