আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগে নিশ্চুপ নিদাল
মার্কিন সামরিক বাহিনীর সাবেক মনোরোগ চিকিৎসক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড হতে পারে। ১৩ জন নিরস্ত্র মার্কিন সেনাকে গুলি করে হত্যা করা নিদালকে সামরিক আদালত রায় ঘোষণার আগে গত মঙ্গলবার আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ দেন। কিন্তু তিনি পুরোপুরি নিশ্চুপ থাকেন।মেজর নিদাল হাসানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ১৩টি হত্যাকাণ্ড ঘটানো এবং ৩২টি হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে। ২০০৯ সালে টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে তিনি ১৩ জন নিরস্ত্র সেনাকে গুলি করে হত্যা করেন। এ সময় পাল্টা গুলিতে তিনিও আহত হন। এ ঘটনায় সামরিক আদালতে তাঁর বিচার চলছে।দোষী প্রমাণিত হওয়ার পর নিদালের বিরুদ্ধে শাস্তি ঘোষণার প্রক্রিয়া শুরু হয় গত সোমবার। সামরিক আদালতের ১৩ সদস্যের যেকোনো একজন মৃত্যুদণ্ডের ব্যাপারে একমত না হলে তাঁর যাবজ্জীবন সাজা হওয়ার কথা। তবে সামরিক আদালত এখনো রায় ঘোষণা করেননি। এর আগে শেষ সুযোগ হিসেবে মঙ্গলবার নিদাল হাসানকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। এদিন আদালতে কোনো কথাই বলেননি তিনি। আদালত আবারও তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবেন কি না, তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় জন্ম নেওয়া মুসলিম সেনা নিদাল এর আগে আদালতে বলেছিলেন, আফগানিস্তান, ইরাক ও ফিলিস্তিনে মুসলিমদের রক্ষা করতেই তিনি মার্কিন সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। যুক্তরাষ্ট্রের কোনো সামরিক আদালত ১৯৬১ সালের পর থেকে সামরিক বাহিনীর কোনো সদস্যকে মৃত্যুদণ্ড দেননি। বিবিসি।