আত্মসমর্পণ করলেই মিলবে লাখ রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা প্রতিনিধিমাওবাদীদের দমনের লক্ষ্যে গত বুধবার গভীর রাত থেকে পশ্চিমবঙ্গ-ঝাড়খন্ড সীমান্তে শুরু হয়েছে অপারেশন গ্রিনহান্ট। ওই অভিযান চলার মধ্যেই ঝাড়খন্ড রাজ্য সরকার ঘোষণা দিয়েছে, ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদীরা অস্ত্রশস্ত্রসহ আত্মসমর্পণ করলেই তাদের দেওয়া হবে ১২ লাখ রুপি। এর সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোস্ট ওয়ান্টেড ৪৭ মাওবাদীর নামেরও একটি তালিকা পাঠিয়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড় ও বিহার রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মাওবাদীদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য ঝাড়খন্ড রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আত্মসমর্পণের আহ্বান জানিয়ে যে গুচ্ছ প্রস্তাব ঘোষণা করেছে, তাতে আরও বলা হয়েছে, কোনো মাওবাদী রকেট লাঞ্চার, হালকা মেশিনগান জমা দিলে তাঁকে দেওয়া হবে এক লাখ রুপি। একে-৪৭/৫৬/৭৪ জমা দিলে তাঁকে দেওয়া হবে ৭৫ হাজার রুপি। ৩০৩ রাইফেল, পিস্তল, রিভলবার জমা দিলে ১৫ হাজার, দূরনিয়ন্ত্রিত ডিভাইস জমা দিলে ছয় হাজার, গ্রেনেড, হ্যান্ড গ্রেনেডে দুই হাজার, ব্যারেল সেট (রেঞ্জ অনুযায়ী) দুই থেকে ১০ হাজার, আইইডি ছয় হাজার এবং বিস্ফোরক সামগ্রী জমা দিলে দুই হাজার রুপি করে দেওয়া হবে। আত্মগোপনকারী মাওবাদী নেতারা আত্মসমর্পণ করলে দেওয়া হবে বিভিন্ন অঙ্কের টাকা। পলিটব্যুরো সদস্য অথবা কেন্দ্রীয় কমিটির সদস্য আত্মসমর্পণ করলে দেওয়া হবে ১২ লাখ রুপি। স্পেশাল এরিয়ার সদস্য, রাজ্য কমিটির সদস্য আট লাখ রুপি, জোনাল কমিটির সদস্য পাঁচ লাখ, সাব-জোনাল কমিটির সদস্য তিন লাখ, এরিয়া কমান্ডার দুই লাখ এবং আঞ্চলিক কমিটির সদস্যদের দেওয়া হবে এক লাখ রুপি করে। একই সঙ্গে তাঁদের সামগ্রিক পুনর্বাসনের ব্যবস্থা নেবে রাজ্য সরকার। ঝাড়খন্ড রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব অমিতাভ চৌধুরী যে ৪৭ মোস্ট ওয়ান্টেড মাওবাদীর তালিকা পাঠিয়েছেন, তার মধ্যে রয়েছেন বুদ্ধেশ্বর ওঁরাও ও বাঁধনু মাহাতো। তালিকায় রয়েছেন গুমলাতেও। এ ছাড়া তালিকায় রয়েছেন হাজারিবাগের দীপক যাদব, চাতরার পরশজি, গিরিডির জিতেন মারান্ডি ও নাগেশ্বর মাহাতো এবং লাতেহারের শ্যামলাল যাদব ও বিনোদ লোহরা।ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ সীমান্তের ৪০ কিলোমিটার এলাকাজুড়ে চলছে অপারেশন গ্রিনহান্ট। গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে তিন মাওবাদীকে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। ভেঙে দেওয়া হয়েছে মাওবাদীদের বেশ কয়েকটি আস্তানা।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, মাওবাদীরা বিভিন্ন ঠিকাদারদের কাছ থেকে প্রতি সপ্তাহে এক হাজার ৬০০ কোটি টাকা আদায় করে। এর পরও এখন মাওবাদীদের অর্থের টান পড়েছে। নিহত ব্যক্তিদের পরিবারে অর্থ, অস্ত্র কেনাসহ নিত্যদিনের কাজের জন্য এখন প্রয়োজন হয়ে পড়েছে অতিরিক্ত অর্থের। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর আলাদাভাবে পুলিশকে সতর্কবার্তা দিয়ে বলেছে, মাওবাদীরা এই অর্থের জন্য অপহরণ করে মুক্তিপণ আদায় এমনকি ব্যাংক ডাকাতির মতো ঘটনাও ঘটাতে পারে।