আত্মসমর্পণ করে পুরস্কার দাবি!
তাঁকে ধরিয়ে দিতে ১০০ ডলার পুরস্কার ঘোষণা করে আফগান সরকার। তবে ‘ধরিয়ে দেওয়ার’ জন্য অপেক্ষা করেননি তিনি। নিজেই আত্মসমর্পণ করে ঘোষিত পুরস্কারের অর্থ দাবি করেছেন। এই ‘তিনি’ হলেন আফগানিস্তানের তালেবান কমান্ডার মোহাম্মদ আহসান।আহসান মার্কিন ও আফগান বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলার সংগঠক বলে ধারণা করা হয়। তিনি গতকাল একটি তল্লাশি চৌকিতে গিয়ে আফগান বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। বিবিসির সংবাদদাতা বিলাল সারওয়ারি জানান, সন্দেহ করা হয়, স্বয়ংক্রিয় বিস্ফোরক (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস—আইইডি) ব্যবহার করে আফগান ও ন্যাটো বাহিনীর ওপর হামলা চালানোয় তাঁর ভূমিকা রয়েছে। তাই আহসান সক্রিয়—এমন এলাকাগুলোতে তাঁকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে পোস্টার ছড়িয়ে দেওয়া হয়। আহসান কেন নিজেই আত্মসমর্পণ করে অর্থ দাবি করছেন, তার কারণ ধরতে পারেননি আফগান ও ন্যাটোর কর্মকর্তারা। বিবিসি।