আত্মসমর্পণ না করলে কঠোর সাজা দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি বলেছেন, আত্মসমর্পণ না করলে বিদ্রোহীদের কঠোর সাজা দেওয়া হবে। গত মঙ্গলবার বিদ্রোহীদের সঙ্গে আলোচনার বিষয়টি তিনি নাকচ করে দেন। গাদ্দাফি তাদের আল-কায়েদার শীর্ষনেতা ওসামা বিন লাদেনের সহযোগী বলে আখ্যা দেন। তবে তিনি পশ্চিমা বিশ্বের প্রতি এই বলে হুঁশিয়ার করেন, পশ্চিমা বিশ্ব তাঁর দেশের ওপর হামলা চালালে তাঁর সেনারা আল-কায়েদার সঙ্গে মিলে জিহাদ ঘোষণা করতে পারে।ইতালির মিলানভিত্তিক পত্রিকা ইল জর্নাল-এ দেওয়া সাক্ষাৎকারে গাদ্দাফি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। লিবিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা এলাকা পুনরুদ্ধার করতে গাদ্দাফি বাহিনী বিমান থেকে লাগাতার বোমাবর্ষণ শুরু করেছে। ট্যাংক ও কামান থেকেও গোলা ছোড়া হচ্ছে। উপকূলীয় এলাকা মিসরাতায় গোলার আঘাতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। গাদ্দাফি-অনুগতরা বলেছেন, তাঁরা বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা আজদাবিয়াহর দখল নিয়েছে।কয়েকটি অসমর্থিত সূত্র বলেছে, সেনাবাহিনীকে অগ্রসর হওয়ার রাস্তা করে দিতেই এই ভারী বোমা ও গোলা ফেলা হচ্ছে। গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলাম বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ‘বিদ্রোহীদের জারিজুরি শেষ হয়ে যাবে।’ লিবিয়াকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করার বিষয় নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার আগমুহূর্তে গাদ্দাফি-অনুগতদের এই ধ্বংসাত্মক ভূমিকায় বিদ্রোহীদের মনোবল অনেকটাই ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গেছে। বিদ্রোহী নেতারা গাদ্দাফি বাহিনী ব্যাপক গণহত্যা শুরু করতে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাদ্দাফি বাহিনী গতকাল বেনগাজির বিদ্রোহীদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। বেনগাজির খুব কাছাকাছি এলাকায় ঢুকে পড়া সেনাবাহিনী বলেছে, আত্মসমর্পণ করলে বিদ্রোহীদের ক্ষমা করে দেওয়া হবে বলে প্রেসিডেন্ট গাদ্দাফি অঙ্গীকার করেছেন। অন্যথায় তাঁরা সেখানে রক্তের বন্যা বইয়ে দেবেন। সেখানকার লোকজন যে যেদিকে পারছে, ছুটে পালাচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে।বেনগাজি থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে আজদাবিয়াহ এলাকায় গত মঙ্গলবার থেকেই সেনাবাহিনী ব্যাপক গোলাবর্ষণ শুরু করে। গতকাল সেনাবাহিনী আজদাবিয়াহর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করলেও বিদ্রোহীরা সে দাবি নাকচ করে দেয়।বিবিসির বেনগাজি সংবাদদাতা জন লেইনি বলেন, লাগাতার ভারী বোমা বর্ষণের পর সেনাবাহিনী গতকাল স্থল অভিযান শুরু করে। বিদ্রোহী নেতা ও ন্যাশনাল লিবিয়ান ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান জালাল আল-গাল্লাল বলেছেন, এ মুহূর্তেই আন্তর্জাতিক সম্প্রদায় যদি বিদ্রোহীদের সাহায্যে এগিয়ে না আসে, তাহলে গাদ্দাফি বাহিনী নির্বিচারে গণহত্যা শুরু করবে। তিনি বলেন, ‘তিনি (গাদ্দাফি) আমাদের নিরীহ নাগরিকদের হত্যা করতে যাচ্ছেন, আমাদের সবকিছু ধ্বংস করতে যাচ্ছেন।’যুক্তরাজ্য, ফ্রান্স ও লেবানন বিদ্রোহীদের সহায়তা করতে লিবিয়াকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করার ব্যাপারে আলোচনার জন্য খসড়া প্রস্তাব পেশ করেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও জার্মানির মধ্যে নো-ফ্লাই জোন ঘোষণা নিয়ে ইতিমধ্যেই মতানৈক্য শুরু হয়ে গেছে। কয়েকটি দেশ গাদ্দাফির বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিপক্ষে মত দিয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনি লিবিয়ায় সামরিক অভিযান চালানোর ধারণাকে সরাসরি নাকচ করে দিয়েছেন।প্রেসিডেন্ট গাদ্দাফি বলেছেন, তাঁর বিরুদ্ধে মাথাচাড়া দেওয়া বিদ্রোহীদের ‘পিষে’ ফেলা হবে। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘অভ্যন্তরীণ বা বিদেশি চক্রান্ত যা-ই হোক না কেন, আমরা তা গুঁড়িয়ে দেব।’গাদ্দাফির ছেলে সাঈফ বলেন, যত বড় বিদেশি বাহিনীই আসুক না কেন, বিদ্রোহীরা আর নিজেদের বাঁচানোর সময় পাবে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সবকিছুর অবসান ঘটবে। এএফপি, রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি অনলাইন।