আত্মসমর্পণের আলোচনায় বাগবো
আইভরি কোস্টের ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট লরা বাগবোর জেনারেলরা গতকাল মঙ্গলবার তাঁর আত্মসমর্পণ নিয়ে আলোচনা শুরু করেছেন। বাগবো প্রেসিডেন্ট বাসভবনের ভূগর্ভস্থ একটি বাংকারে আত্মগোপন করেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আরও রক্তপাত এড়াতে অবিলম্বে বাগবোকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, বাগবোর তিনজন জেনারেল তাঁর আত্মসমর্পণের ব্যাপারে আলোচনা শুরু করেছেন। তাঁরা আত্মসমর্পণের বিনিময়ে বাগবোর নিরাপত্তা দাবি করছেন। তবে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দেশটির প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারার অনুগত সেনারা জানিয়েছে, বাগবোকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে।ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিঅঁন বলেছেন, আইভরি কোস্টের দুজন জেনারেল বাগবোর আত্মসমর্পণ নিয়ে আলোচনা করছেন। গতকাল প্যারিসে ফিঅঁন বলেন, ওয়াতারাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্তে বাগবোর ক্ষমতা ছাড়া নিয়ে আলোচনা চলছে। ওয়াতারার অনুগত বাহিনী গতকাল রাজধানী আবিদজানে বাগবোর প্রেসিডেন্ট বাসভবনে বড় ধরনের হামলা চালালে অবরুদ্ধ হয়ে পড়ে বাগবো। এর আগে ফ্রান্স ও জাতিসংঘের হেলিকপ্টার বাগবোর বাসভবন, প্রাসাদ ও দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়।এদিকে ওয়াতারা সরকারের পররাষ্ট্রমন্ত্রী অ্যালসাইদ দিয়েদে জানান, ‘বাগবো তাঁর বাসভবনে স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্য এবং সরকার ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন। তাঁর বাসভবনে হামলা চলছে।’সামরিক বাহিনীর একটি সূত্র বিবিসিকে জানায়, আবিদজানের বাসভবনে চারদিক দিয়ে অবরুদ্ধ হয়ে থাকা বাগবো ও তাঁর পরিবারের সদস্যরা ভূগর্ভস্থ একটি কক্ষে আশ্রয় নিয়েছেন। এর আগে তিনি যুদ্ধবিরতির আহ্বান জানান।পাঁচ দিন আগে ওয়াতারার বাহিনী আইভরি কোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানে প্রবেশ করে। এর পর থেকে গতকাল সেখানে সবচেয়ে ভয়াবহ লড়াই হয়। গত সোমবার রাতে আবিদজানে বাগবোর ঘাঁটিতে ফ্রান্স ও জাতিসংঘের যৌথ বাহিনী আক্রমণ চালায়। তখন ওয়াতারার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বাগবোর বিরুদ্ধে চূড়ান্ত অভিযান কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে।ওয়াতারার প্রধানমন্ত্রী গুইলায়মো সরোর একজন মুখপাত্র জানান, বাগবোর বাসভবন ও প্রাসাদের পুরো দখল নিতে আর কয়েক ঘণ্টা দরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জনগণের রায় মেনে নিয়ে ক্ষমতা ছাড়ার জন্য বাগবোর প্রতি আহ্বান জানানোর পর ওই মুখপাত্র এ কথা বলেন। শনিবার ভোরের দিকে ফ্রান্স ও জাতিসংঘের হেলিকপ্টারগুলো বাগবোর প্রেসিডেন্ট প্রাসাদ ও বাসভবনসহ দুটি সামরিক ব্যারাকের ওপর গোলাবর্ষণ করে। এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, বাগবো বাহিনী বেসামরিক লোকজনের উদ্দেশ্যে ভারী অস্ত্র থেকে গুলি ছুড়ছে।গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে লরা বাগবো বিরোধী প্রার্থী আলাসেন ওয়াতারার কাছে পরাজিত হন। কিন্তু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ক্ষমতা আঁকড়ে থাকেন বাগবো। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদত্যাগের প্রস্তাবও নাকচ করে দেন তিনি। এএফপি, বিবিসি ও রয়টার্স।