আত্মসমর্পণের জন্য তৈরি আছেন জ্যাকসনের চিকিত্সক মারে
মাইকেল জ্যাকসনের চিকিত্সক কনরাড মারে পপসম্রাটের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হতে পারেন। মাইকেলের চিকিত্সায় অবহেলা ও অপরিণামদর্শিতার জন্য তাঁর বিরুদ্ধে ‘অনিচ্ছুকভাবে মানব হত্যাকাণ্ড ঘটানোর’ অভিযোগ আনা হতে পারে। কনরাড অবশ্য তাঁর আইনজীবীদের বলে রেখেছেন, কর্তৃপক্ষ চাইলে তিনি আত্মসমর্পণ করতেও প্রস্তুত আছেন। তিনি পালিয়ে যাবেন না। মঙ্গলবার মার্কিন গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।গত বছর ২৫ জুন পপসম্রাট মাইকেল জ্যাকসন ৫০ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মারা যান। আগস্টে লস অ্যাঞ্জেলেস করোনারের (অপঘাত ও সন্দেহজনক মৃত্যুর তদন্তকারী বিচারক) কার্যালয় জানায়, শক্তিশালী প্রোপোফল ওষুধের ক্রিয়াতেই পপসম্রাট মাইকেল মারা গেছেন। সাধারণত অস্ত্রোপচারের সময় আবেদনের (অ্যানেসথেসিয়া) জন্য রোগীকে ওই ওষুধ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, কনরাড মারে ওই ওষুধ পপসম্রাটকে দিয়েছিলেন। কারণ তিনিই পপসম্রাটের অন্তিম সময়ে তাঁর চিকিত্সা দিয়েছিলেন। প্রথম দিকে স্বীকার না করলেও পরে কনরাড মারে কবুল করে নেন, অন্য কোনো ওষুধে কাজ না হওয়ায় এবং পপসম্রাটের বারবার অনুরোধের পর তিনি ওই ওষুধ দিয়েছিলেন।কনরাড মারের আইনজীবী এড শেরনফ বলেছেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হলে তিনি আত্মসমর্পণ করতে প্রস্তুত। তবে এ সপ্তাহে ওই অভিযোগ আনা হবে বলে তাঁর কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। টেক্সাসভিত্তিক এই চিকিত্সক ও তাঁর প্রধান অ্যাটর্নি এখন লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। তাঁদের দুজনের লস অ্যাঞ্জেলেসে আগমনে গণমাধ্যমে গুঞ্জন ছড়ায় শিগগিরই হয়তো কর্তৃপক্ষ কনরাডের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে। এএফপি ও বিবিসি।