আত্মহত্যা করেছেন প্রবীণ নকশাল নেতা কানু সান্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রবীণ নকশাল নেতা কানু সান্যাল গতকাল মঙ্গলবার মারা গেছেন। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ী থানার হাতিঘিষা গ্রামের নিজ বাড়িতে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। কানু সান্যাল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। প্রচণ্ড শারীরিক যন্ত্রণা সইতে না পেরে মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ মনে করছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি অকৃতদার ছিলেন।কানু সান্যালের জন্ম দার্জিলিংয়ে। পড়াশোনাও করেন দার্জিলিংয়ে। ১৯৫০ সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। তখন এ দলে ছিলেন চারু মজুমদার। ১৯৬৪ সালে সিপিআই ভেঙে সিপিআইএম গঠিত হলে চারু মজুমদার ও কানু সান্যাল ওই দলে যোগ দেন। আবার ১৯৬৭ সালে চারু মজুমদার ও কানু সান্যাল সিপিআইএম ছেড়ে গড়েন সিপিআই (এমএল)।এর পরই কানু সান্যাল দার্জিলিং ছেড়ে চলে আসেন নকশালবাড়ী থানা এলাকার শিবদাল্লা গ্রামে। এখান থেকেই তিনি প্রথম শুরু করেন সোয়াইয়া আন্দোলন। তখন জোতদারেরা কৃষকদের এক মণ ধান দিত ২০ সের সুদে। এর বিরুদ্ধে কানু সান্যাল আন্দোলন শুরু করেন। দাবি তোলেন, সুদের হার দ্বিগুণ বা অর্ধেক নয়, দেওয়া হবে মণপ্রতি ১০ সের। সেই থেকে শুরু হয় সোয়াইয়া আন্দোলন। এ পথ ধরেই পরে কানু সান্যাল শুরু করেন জোতদারদের বিরুদ্ধে জমি দখলের আন্দোলন। স্লোগান তোলেন ‘লাঙল যার জমি তার’। এভাবে কানু সান্যাল ২৭৪ বর্গকিলোমিটার পরিধির নকশালবাড়ী থানা এলাকায় শুরু করেন জোতদারবিরোধী আন্দোলন। এই আন্দোলন পরবর্তী সময় ছড়িয়ে পড়ে গোটা ভারতে। নাম হয় নকশাল আন্দোলন।