আত্মহত্যা করেছেন বৈমানিকেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ান এয়ারলাইনসের যাত্রীবাহী বিমান নিখোঁজের সম্ভাব্য নানা কারণ খতিয়ে দেখা হচ্ছে। এবার তদন্তে যুক্ত হয়েছে ফ্লাইটটির ক্যাপ্টেন বা প্রথম কর্মকর্তার আত্মহত্যার দিকটি।
মালয়েশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বিমানে থাকা পাইলটদের আত্মহত্যার দিকটি খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা।
দেশটির ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিসামউদ্দিন হুসাইন জানান, বৈমানিক বা সহ-বৈমানিকের আত্মহত্যার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা এটা দেখছি।’ তবে এটি তদন্তের একটি মাত্র দিক বলেও জানান তিনি।
বিমান নিখোঁজ হওয়ার সূত্র মেলাতে ফ্লাইটে থাকা পাইলট, ক্রু এবং ভূমিতে থাকা অন্য কর্মকর্তা-কর্মচারীদের কর্মকাণ্ড ও অতীত জীবন পর্যালোচনা করছে মালয়েশিয়ার পুলিশ।
গতকাল সোমবার মালয়েশিয়া এয়ারলাইনসের প্রধান নির্বাহী আহমাদ জাওহারি ইয়াহিয়া দাবি করেন, যোগাযোগব্যবস্থা বন্ধ হওয়ার আগেই ফ্লাইটের ককপিট থেকে কেউ নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে শেষ কথা বলেন। তাঁর ধারণা, এটি সহ-বৈমানিক ফারিক আবদুল হামিদের কণ্ঠ।
এর এক দিন আগে গত রোববার এক সংবাদ সম্মেলনে হিসামউদ্দিন হুসাইন প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে দাবি করেন, বিমানের যোগাযোগব্যবস্থাগুলোর মধ্যে একটি বন্ধ হওয়ার পর ফ্লাইটের ককপিট থেকে কেউ একজন শান্তভাবে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে শেষ কথা বলেন। ‘ঠিক আছে, শুভরাত্রি’—এ কথা বলা হয়েছিল এয়ারক্র্যাফট অ্যান্ড কমিউনিকেশনস অ্যাড্রেসিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম (এসিএআরএস) অকেজো হওয়ার পর।
এমএইচ৩৭০ ফ্লাইটটি ২৩৯ জন আরোহী নিয়ে ৭ মার্চ রাতে নিখোঁজ হয়। কুয়ালালামপুর থেকে যাত্রার এক ঘণ্টা পর এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ১০ দিন ধরে নিখোঁজ বিমানটি। বিমানটিকে খুঁজে বের করতে চিরুনি অভিযান চলছে। এতে সর্বশেষ ২৬টি দেশ অংশ নিচ্ছে বলে মালয়েশিয়া কর্তৃপক্ষ বলেছে। স্থল, নৌ ও আকাশপথে চালানো হচ্ছে এ অভিযান।