আত্মহত্যা নয়, মেয়েটির শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতার পুলিশ গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো স্বীকার করেছে, ধর্ষণের শিকার হওয়া কিশোরী আত্মহত্যা করেনি, বরং তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এ ছাড়া মেয়েটি ছিল গর্ভবতী।
পুলিশ বলেছে, গত ডিসেম্বর মাসে ধর্ষণকারী দুর্বৃত্ত চক্রের পরিচিত দুই ব্যক্তি মেয়েটির গায়ে আগুন লাগিয়ে দেয়। গত অক্টোবরে সে গণধর্ষণের শিকার হয়েছিল।
মেয়েটির বাবা গত বুধবার পশ্চিমবঙ্গের গভর্নর এম কে নারায়ণনের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, সে যাতে আদালতে সাক্ষ্য দিতে না পারে, সে জন্য তাঁর মেয়েকে হত্যার চেষ্টা করা হয়।
দুর্বৃত্তদের আগুন ধরিয়ে দেওয়ার বিষয়ে পুলিশের স্বীকারোক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নতুন বিতর্কের মধ্যে ফেলল। এ বিতর্ক শুধু মেয়েটির ভয়াবহ দুর্ভোগের জন্য নয়, বরং তাকে দাহ করার জন্য পুলিশের তাড়াহুড়ো করার জন্য। বিরোধী বাম দলগুলো বলছে, মেয়েটিকে যে কোনো নিরাপত্তা দেওয়া হয়নি, সে সত্য ধামাচাপা দিতেই পুলিশ এটি করে।
কিশোরীটি গত মঙ্গলবার বিকেলে হাসপাতালে মারা যায়। তার ট্যাক্সিচালক বাবা বাম দলগুলোর ট্রেড ইউনিয়ন সংগঠন সিআইটিইউর সদস্য। সংগঠনটি মেয়েটির লাশ দাহের আগে মিছিল করতে চাইলে পুলিশ দ্রুত দাহ করার লক্ষ্যে কার্যত লাশটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মেয়েটির বাবা মৃত্যুসনদ হস্তান্তরে না করে সে চেষ্টা রুখে দেন। বুধবার বিকেলে তাকে দাহ করা হয়।
কলকাতা থেকে গাড়িতে প্রায় দেড় ঘণ্টার দূরত্বের মধ্যমগ্রাম শহরে গত অক্টোবরে মেয়েটি ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় মামলার পরদিন আবার একই নিগ্রহের শিকার হয় সে। এনডিটিভি।