আত্মহত্যার চেষ্টা করেছিলেন সুজান মোবারক
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের স্ত্রী সুজান মোবারক গত বছর আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে স্বীকার করেছেন। দেশটির সংবাদ সংস্থা ইজিওয়াই সাবেক এই ফার্স্টলেডির বরাত দিয়ে গতকাল বুধবার এ কথা জানিয়েছে।গণ-আন্দোলনের মুখে স্বামী পদত্যাগে বাধ্য হওয়ার পর দুর্নীতির অভিযোগে তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে জানার পর সুজান আত্মহত্যার চেষ্টা করেন।সাবেক ফার্স্টলেডির প্রকাশিতব্য স্মৃতিকথার বরাত দিয়ে সংবাদ সংস্থাটি এ কথা জানায়। সেখানে সুজান বলেন, ‘গত বছরের ১৩ মে ছিল আমার জীবনের অন্ধকারতম দিন। কারণ, ওই দিন সহকারী বিচারমন্ত্রী আসেম আল-গোহারি আমাকে গ্রেপ্তারের নির্দেশ নিয়ে আসেন। আমি তখন আত্মহত্যার উদ্দেশে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খাই। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হতে যাচ্ছি, এটা জানার পর বেঁচে থাকার কোনো অর্থ আমি খুঁজে পাচ্ছিলাম না।’‘দৈবক্রমে’ তিনি বেঁচে যান বলে মিসরের সাবেক ফার্স্টলেডি জানান। পরে অবশ্য মোবারকের আইনজীবী ফরিদ আল-দিদ সুজানকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচানোর একটি উপায় বের করেন।সুজান জানান, আইনজীবী ফরিদের উপদেশ অনুযায়ী তিনি তাঁর যাবতীয় সম্পত্তি মিসরীয় সরকারকে লিখে দেন। এরপর সব ধরনের অভিযোগ থেকে মুক্তি পান। সাবেক মিসরীয় ফার্স্টলেডি তাঁর স্মৃতিকথায় শুধু রাজনীতি নয়, নানা ব্যক্তিগত অভিজ্ঞতা, অলংকার ও চিত্রকর্মের প্রতি তাঁর ভালোবাসার কথাও জানিয়েছেন। স্কটল্যান্ডের প্রকাশনা সংস্থা ক্যাননগেট বুকস এটি প্রকাশ করছে। পিটিআই অনলাইন।