আত্মীয়তার বন্ধনে বাঁধা এক মার্কিন সেনা ঘাঁটি
বলকান অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটির নাম ক্যাম্প বন্ডস্টিল। কসোভোর রাজধানী প্রিস্টিনা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওই ঘাঁটির অবস্থান। কৌশলগত গুরুত্বপূর্ণ ওই ঘাঁটি থেকেই মার্কিন সেনারা সার্বিয়া ও মেসিডোনিয়ার মধ্যকার স্পর্শকাতর সীমান্তে নজরদারি করেন। পৃথিবীতে যুক্তরাষ্ট্রের যতগুলো সামরিক ঘাঁটি আছে সেগুলো থেকে ওই ঘাঁটির একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সেটি হলো এখানে দায়িত্বরত সামরিক কর্মকর্তাদের অধিকাংশই একে অপরের আত্মীয়স্বজন। পেশাগত সম্পর্কের পাশাপাশি তাঁদের মধ্যে রয়েছে বাবা-মা, ছেলে-মেয়ে, স্বামী-স্ত্রী, ভাই-বোন, চাচা-চাচিসহ নানা ধরনের আত্মীয়তার সম্পর্ক। ন্যাটোর নেতৃত্বে সেখানে এক হাজার ৪০০ মার্কিন সেনা শান্তি মিশনের হয়ে কাজ করছেন। এর মধ্যে ৩৪টি পরিবার রয়েছে যারা পরস্পরের আত্মীয়স্বজন।আপন বড় ভাই ডেভিড ডডসের অধীনে সেখানে কাজ করছেন সার্জেন্ট জোসুয়া ডডস। তাঁরা বন্ডস্টিলে এসেছেন ২০০১ সালের পর। ডেভিড জানান, একই কমান্ডিং বেল্টে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন একত্রে কাজ করা সব সময় সহজ ব্যাপার নয়। এর কিছু খারাপ দিকও রয়েছে। অনেক সময় দায়িত্ব পালন করতে গিয়ে অধস্তন ভাইয়ের প্রতিও কড়া আচরণ করতে হয় তাঁকে।ডেভিড জানান, ৯/১১ হামলার পর তাঁরা এ ঘাঁটিতে আসেন। ওই ঘটনা তাঁদের মতো অধিকাংশ মার্কিন সেনার মনে ব্যাপক প্রভাব ফেলে। এই ঘটনার পর মার্কিন সেনারা নিজেদের মধ্যে নতুন করে এ সৌভ্রাতৃত্ববোধ অনুভব করতে শুরু করেন।১৯৯৯ সালে সার্বিয়ার তত্কালীন শাসক স্লোবোদান মিলোসেভিচের সামরিক বাহিনীর উত্পীড়ন বন্ধে কসোভোতে ন্যাটো শান্তিরক্ষী বাহিনী পাঠায়। তখন থেকে এ পর্যন্ত সেখানে প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করা হয়।বন্ডস্টিল ঘাঁটির মেজর ড্যান মারফি বলেন, আফগানিস্তান ও ইরাকের তুলনায় তাঁদের সেখানকার পরিস্থিতি অনেক ভালো। এই সামরিক ঘাঁটিতেও এখানকার সেনা সদস্যরা এক ধরনের পারিবারিক আবহ গড়ে তুলতে পেরেছেন। এক বাড়ির লোকজন অন্য বাড়িতে বেড়াতে যেতে পারছে। মোদ্দা কথা, পেশাগত সম্পর্কের পাশাপাশি তাঁদের মধ্যে একটা সামাজিক বন্ধন তৈরি হয়েছে। এয়ারবোর্ন ইউনিটের ২৬ বছর বয়সী সার্জেন্ট জার্মি নাইট তাঁর হেলিকপ্টারে পাইলট বাবার সঙ্গে কাজ করেন।নাইট বলেন, তিনি যেখানেই যান সেখানেই তাঁর পরিবারের সদস্যদের কাছে পান। এটা তাঁর কাছে খুবই আনন্দের বিষয়। তাঁর বাবা স্টিভ নাইট (৫১) বলেন, কর্মক্ষেত্রে ছেলেকে কাছে পাওয়ায় তিনিও আনন্দিত।ব্রিয়েন এবং মেলিসা বাকেনটাইন এর আগে দুজনেই ইরাকে কর্মরত ছিলেন। সেখানে তাঁদের পরিচয় এবং বিয়ে হয়। পরে এই দম্পতি বন্ডস্টিলে আসেন। এ দম্পতি সেনাবাহিনীর ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছেন।এ দম্পতি জানান, তাঁরা কাছাকাছি থাকতে পারছেন এটা বড় সুবিধা। কিন্তু পেশাগত সীমাবদ্ধতার কারণে সব সময় যা ইচ্ছে তাই করা যায় না। এই যেমন ধরুন দায়িত্বরত অবস্থায় আবেগপ্রবণ হয়ে স্বামী-স্ত্রী একজন আরেকজনকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরা বা চুমু খাওয়া—এসবে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। সে সময় স্বামী-স্ত্রীর সম্পর্ক ভুলে গিয়ে তাদের সহকর্মী হয়ে উঠতে হয়। এএফপি অবলম্বনে সারফুদ্দিন আহমেদ।