আদভানির অনুরোধ, কালামের ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি পদে নির্বাচন করার জন্য এ পি জে আবদুল কালামকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রভাবশালী নেতা এল কে আদভানি।নির্বাচনে প্রার্থী হতে আবদুল কালামকে রাজি করানোর জন্য গতকাল সোমবার তাঁর কাছে দলের প্রতিনিধি হিসেবে সুধেন্দ্র কুলকার্নিকে পাঠানো হয়। আদভানি নিজেও এ পর্যন্ত তিনবার বিষয়টি নিয়ে আবদুল কালামের সঙ্গে কথা বলেন। এ ছাড়া গতকাল রাতে প্রার্থিতার বিষয়ে বিজেপির সভাপতি নীতিন গড়কারির বাসভবনে দীর্ঘ বৈঠক করেছেন দলের নেতারা।তবে, গতকাল এক বিবৃতিতে আবদুল কালাম আগামী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতার বিষয়ে আবারও তাঁর অনাগ্রহের কথা জানিয়েছেন।ভারতের সাবেক এই রাষ্ট্রপতি বিবৃতিতে উল্লেখ করেন, রাষ্ট্রপতি পদে নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত আছেন। কিন্তু দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে তাঁর কখনোই কোনো অভিলাষ ছিল না।একই কথা গতকাল বিজেপির নেতা আদভানিকেও জানিয়ে দিয়েছেন আবদুল কালাম। আদভানিকে তিনি জানান, ‘তাঁর বিবেক রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে সাড়া দিচ্ছে না।’এর আগে কংগ্রেস নেতৃত্বাধীন ভারতের ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) রাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থী হিসেবে প্রণব মুখার্জির নাম ঘোষণা করেছে।এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে দুর্নীতি ও গোপন সমঝোতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার নিজের ফেসবুক পাতায় এই আহ্বান জানান তিনি।মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কাজ করেছে অর্থ, ক্ষমতা ও নোংরা খেলা। রাষ্ট্রপতি পদে মমতার পছন্দের প্রার্থী এ পি জে আবদুল কালাম। তিনি ইঙ্গিত দিয়েছেন, রাষ্ট্রপতি পদে প্রণবের প্রার্থিতা নিয়ে মুলায়ম সিং যাদবের সঙ্গে মনমোহন সিংয়ের যে সমঝোতা হয়েছে, এর পেছনে কাজ করেছে গোপন লেনদেন।এদিকে আমাদের কলকাতা প্রতিনিধি অমর সাহা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, প্রণব মুখার্জিকে কেউ বাঙালি হিসেবে মনে করেন না। তিনি বাংলার উন্নয়নের জন্য কিছুই করেননি। তাই তাঁকে রাষ্ট্রপতি না করার যে সিদ্ধান্ত মমতা নিয়েছেন তা যথার্থ। গত রোববার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের সম্মেলনে তিনি এ কথা বলেন। পিটিআই, টাইমস অব ইন্ডিয়া, টিএনএন।