আদভানির মুখে নরেন্দ্র মোদির প্রশংসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরেন্দ্র মোদি তাঁর ৬৩তম জন্মদিনের সেরা উপহারটা বোধ হয় পেয়ে গেছেন। যে এল কে আদভানি প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মোদির পথের প্রধান কাঁটা ছিলেন, তিনিই কিনা প্রকাশ্যে তাঁকে প্রশংসায় ভাসালেন। আদভানি বলেছেন, বিদ্যুৎ ও অবকাঠামো নির্মাণে উন্নতি করেছে গুজরাট। বিজেপির নেতৃত্বাধীন ছত্তিশগড়ে গত রোববার এক নির্বাচনী সভায় আদভানি এ কথা বলেন।
আদভানি বলেন, ‘আমি এই উদাহরণ দিচ্ছি, কারণ নরেন্দ্র মোদি গুজরাট রাজ্যের উন্নয়নে অনেক কিছু করেছেন।’
গুজরাটের মুখ্যমন্ত্রী আজ ১৭ সেপ্টেম্বর ৬৩-এ পা দিচ্ছেন। তিন দিন আগে গত শুক্রবার তাঁর দল ২০১৪ সালের নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে। তবে এই সিদ্ধান্তের কট্টর বিরোধী ছিলেন আদভানিসহ বিজেপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা।
শুক্রবার দলের শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম পার্লামেন্টারি বোর্ডের সভায় অংশ নেননি আদভানি। মোদিকে প্রধানমন্ত্রী পদে চূড়ান্ত প্রার্থী করার পর নিজের হতাশার কথা জানিয়ে দলের প্রধান রাজনাথ সিংকে একটি চিঠিও দেন। এর আগে তিনি সতর্ক করে দেন, মোদির নাম ঘোষণা করা হলে দলে বিপর্যয় নেমে আসবে। এনডিটিভি।