আদভানির মুখে মোদিবন্দনা!

রাজনীতিতে চিরস্থায়ী শত্রু-মিত্র নেই—এ কথাই যেন প্রমাণ করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি। ভারতের বর্তমান প্রধান বিরোধী দল বিজেপির অন্যতম শীর্ষ নেতা আদভানি দুই দিন আগেও চরম বিরোধিতা করেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির। অথচ আজ তাঁর মুখেই শোনা গেছে মোদিবন্দনা।
আদভানি চাননি নরেন্দ্র মোদিকে আগামী ২০১৪ সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হোক। গত শুক্রবার বিজেপির সংসদীয় কমিটির এক বৈঠক শেষে নরেন্দ্র মোদিকে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদে লড়তে দলীয় মনোনয়ন দেয়া হয়। মোদির বিরোধিতা করার কারণে আদভানি ওই বৈঠকে উপস্থিত ছিলেন না।
বৈঠকের আগে তিনি প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদিকে মনোনীত করার বিষয়ে প্রকাশ্যে ঘোর আপত্তি জানিয়েছিলেন। তবে আজ সোমবার ছত্তিশগড়ের কোবরায় এক জনসভায় তিনি মোদির প্রশংসা করেন।
‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে, মোদিকে ‘আমার সহকর্মী’ উল্লেখ করে আদিভানি বলেন, ‘আমার দল ২০১৪ সালের নির্বাচনের জন্য যাঁকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করেছেন, সেই নরেন্দ্র মোদি গুজরাটে অনেক উন্নয়নকাজ করেছেন।’
গুজরাটের গ্রামেও মোদির নেতৃত্বে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে বলে প্রশংসা করেন আদভানি। মোদিকে ঘিরে আদভানির মনোভাব পাল্টানোয় ভারতের রাজনৈতিক বিশ্লেষকেরা ধারণা করছেন, দল ও রাজনীতিতে নিজের অবস্থান ঠিক রাখতেই আদভানি এখন মোদির পাশে থাকতে চাইছেন।