আদর্শ ধরে করবিনের নিন্দা ক্ষমতাসীনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরেমি করবিন
জেরেমি করবিন

যুক্তরাজ্যের বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন বাম আদর্শের নীতিমান রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি যুদ্ধবিরোধী এবং পরমাণু অস্ত্র রাখার বিপক্ষে। তাঁর এ আদর্শিক অবস্থানকে পুঁজি করে ক্ষমতাসীন কনজারভেটিভ দল বলছে, করবিন যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য হুমকি। তবে কোনো কোনো বিশ্লেষক মনে করছেন, এমন ব্যক্তিগত আক্রমণ লেবার নেতার প্রতি ভোটারদের সহানুভূতি বরং বাড়িয়ে দিতে পারে।
আগামী ৮ জুন অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে গত বুধবার পার্লামেন্টে শেষবারের মতো এমপিদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী থেরেসা মে। সরাসরি বিতর্কে তিনি করবিনকে ‘সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল’ বলে আক্রমণ করে বলেন, দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা করবিনের নেই। তাঁকে দেওয়া প্রতিটি ভোট দেশকে ব্রেক্সিট প্রশ্নে বিশৃঙ্খলায় ফেলবে।
প্রধানমন্ত্রীর এমন আগ্রাসী বক্তব্যের পরদিনই ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এ প্রকাশিত এক লেখায় ‘মাটন হেডেড ওল্ড মাগওয়াম্ফ’ আখ্যা দিয়ে করবিনের নিন্দা করেন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। তাঁর কথার বাংলা অর্থ দাঁড়ায়, ‘দলীয় আদর্শচ্যুত বোকা বৃদ্ধ’। এমন আক্রমণের কারণে অনেকে জনসনের রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন।
করবিনকে ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি কনজারভেটিভরা ‘শক্তিশালী এবং স্থিতিশীল নেতৃত্ব’র জন্য তাঁদের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। বিবিসির হিসাবে গত বুধবার পার্লামেন্টে কনজারভেটিভ দলের এমপিরা গড়ে প্রতি ১৮ সেকেন্ডে একবার করে ‘শক্তিশালী এবং স্থিতিশীল নেতৃত্ব’ শব্দবন্ধ ব্যবহার করেন।
তবে লেবার নেতা করবিন এসব আক্রমণ খুব একটা গায়ে মাখছেন না। বলছেন, কাউকে পাল্টা আঘাত তাঁর নীতিবিরুদ্ধ।