পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে ২০০৭ সালের মার্চে শীর্ষস্থানীয় বিচারপতিদের গৃহবন্দী করার পদক্ষেপ নেওয়ার দায়ে ইসলামাবাদ হাইকোর্ট তাঁকে গ্রেপ্তারের এই নির্দেশ দেন। এদিকে এই আদেশের পর পরই আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান সাবেক এই স্বৈরশাসক।কর্মকর্তারা জানান, বিচারকেরা গতকাল ওই গ্রেপ্তারের আদেশ দেওয়ার সময় মোশাররফ আদালতে উপস্থিত ছিলেন। একই সময় পুলিশও সেখানে উপস্থিত ছিল। কিন্তু পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি। মোশাররফ নিজস্ব নিরাপত্তা বাহিনী পরিবেষ্টিত হয়ে একটি কালো রঙের সশস্ত্র গাড়িতে চড়ে দ্রুত আদালতের আঙিনা থেকে পালিয়ে যান। তিনি ইসলামাবাদে তাঁর সুরক্ষিত বাড়িতে চলে গেছেন বলে মনে করা হচ্ছে।স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, পরিস্থিতি মূল্যায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন। কারও কারও অনুমান, মোশাররফের ওই বাড়িকে কারাগারে রূপান্তর করা হতে পারে।২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর ৬০ জনের বেশি বিচারককে গৃহবন্দী করার পদক্ষেপের বিরুদ্ধে করা মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর শুনানির জন্য এদিন আদালতে হাজির হন মোশাররফ।ইসলামাবাদে বিবিসির সংবাদদাতা এম ইলিয়াস খান বলেন, আদালতের অলিখিত আদেশের ক্ষেত্রে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তারে পুলিশকে নিরুৎসাহিত করা হলেও তাঁকে স্বাভাবিকভাবে হাতকড়া পরানো হয়ে থাকে। মোশাররফ চাইলে এই আদেশের বিরুদ্ধে এখন সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন।আগামী ১১ মে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিজের দল অল পাকিস্তান মুসলিম লিগকে (এপিএমএল) নেতৃত্ব দিতে মোশাররফ পাঁচ বছর স্বেচ্ছায় নির্বাসিত জীবন কাটিয়ে গত মাসে দেশে ফেরেন।ইতিমধ্যে গত মঙ্গলবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির-৩২ চিত্রল আসন থেকে সাবেক এই সামরিক শাসকের শেষ মনোনয়নপত্রটি বাতিল হয়ে গেলে তাঁর নির্বাচনে দাঁড়ানোর স্বপ্নও শেষ হয়ে যায়। এর আগে আরও তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য অযোগ্য ঘোষিত হন মোশাররফ।নির্বাসন কাটিয়ে মোশাররফের পাকিস্তান ফেরার পর গতকালই আদালত প্রথম তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই পরোয়ানার আগে এক আদালত তাঁর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। মোশাররফ তাঁকে গ্রেপ্তারের নির্দেশের বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালতে আপিল করবেন। গতকালই এই আপিল করার কথা।মোশাররফের রাজনৈতিক দল অল পাকিস্তান মুসলিম লিগের মুখপাত্র মোহাম্মদ আমজাদ জানান, তিনি আশা করছেন, নির্দেশটি বহাল থাকলে কর্তৃপক্ষ সাবেক এই জেনারেলকে ইসলামাবাদে তাঁর নিজ বাড়িতে গৃহবন্দী করে রাখবে। মুখপাত্র বলেন, ‘মোশাররফ আত্মবিশ্বাসী ও শান্ত আছেন। আজ (বৃহস্পতিবার) আমরা এই নির্দেশের বিরুদ্ধে আপিল করব। আদালত আপিল খারিজ করলে আমরা নিজেদের আইনের হাতে সমর্পণ করব।’ বিবিসি ও দ্য গার্ডিয়ান।