আদালত রাজনীতিকে অপরাধীমুক্ত করার তাগিদে অবিচল
রাজনীতিকে অপরাধীমুক্ত করার তাগিদে অবিচল থাকলেন ভারতের সুপ্রিম কোর্ট। রায় পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় সরকারের রিভিউ পিটিশন নাকচ করে গতকাল বুধবার সুপ্রিম কোর্ট জানান, ঘোষিত অপরাধীরা সাংসদ বা বিধায়ক থাকতে না পারার বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের আবেদনে কোনো যৌক্তিকতা নেই। তবে নির্বাচনের আগে কারাগার বা পুলিশি হেফাজতে থাকা নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছিলেন, তা বিবেচনা করা হবে।
সুপ্রিম কোর্টের এ নির্দেশনা ভারতের রাজনীতিকে অনেকাংশে দূষণমুক্ত করবে বলে অনেকে মনে করছেন। তবে রাজনীতিকদের একাংশ মনে করছে, এটা বিচার বিভাগের অতিসক্রিয়তার লক্ষণ। এর ফলে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হবে।
গত ১০ জুলাই সুপ্রিম কোর্ট এক রায়ে বলেন, দুই বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত আসামিরা উচ্চতর আদালতে আবেদনের ভিত্তিতে সাংসদ বা বিধায়ক পদে বহাল থাকতে পারবেন না। একই সঙ্গে বলা হয়, পুলিশ বা কারা হেফাজতে থাকা কেউ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সুপ্রিম কোর্টের যুক্তি হচ্ছে, আটক ব্যক্তিদের যখন ভোট দেওয়ার অধিকার থাকে না, তখন প্রতিদ্বন্দ্বিতার অধিকার কী করে থাকতে পারে?
সুপ্রিম কোর্টের ওই রায়ের পর দলমতনির্বিশেষে সব রাজনীতিক সুপ্রিম কোর্টের রায় বদলাতে সরকারের ওপর চাপ দিতে থাকেন।