আদালতে আবার দোষী সাব্যস্ত রাশিয়ার সাবেক ধনকুবের খদোরকোভস্কি
অর্থ পাচার ও অর্থ আত্মসাতের দায়ে রাশিয়ার সাবেক ধনকুবের মিখাইল খদোরকোভস্কিকে আবার দোষী সাব্যস্ত করা হয়েছে। গতকাল সোমবার মস্কোর একটি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন। এ সময় আদালত ভবনের বাইরে খদোরকোভস্কির সমর্থকেরা বিক্ষোভ করে। পুলিশ ২০ জন বিক্ষোভকারীকে আটক করেছে।রাশিয়ার একসময়ের সবচেয়ে ধনী ব্যক্তি খদোরকোভস্কি এরই মধ্যে প্রতারণা ও কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হয়ে আট বছরের কারাদণ্ড ভোগ করছেন। তাঁর এই কারাভোগের মেয়াদ শেষ হওয়ার পথে। নতুন মামলার রায়ে তাঁর আরও কয়েক বছরের কারাদণ্ডাদেশ হতে পারে।সরকারি কৌঁসুলিদের দাবি, সাবেক এই ধনকুবের তাঁর বিখ্যাত ইয়ুকোস তেল কোম্পানির ভর্তুকি থেকে কৌশলে অন্তত দুই হাজার ৭০০ কোটি ডলার আত্মসাৎ করেন। এ ঘটনায় তাঁকে ছয় বছরের কারাদণ্ড দেওয়ার দাবি জানানো হয়েছে। খদোরকোভস্কির আইনজীবীদের ভাষ্য, তাঁদের মক্কেলকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর চেষ্টা চলছে।গতকাল খদোরকোভস্কির মুক্তির দাবিতে আদালতের বাইরে তাঁর কয়েক শ সমর্থক বিক্ষোভ করে। একপর্যায়ে পুলিশ অন্তত ২০ জনকে আটক করে।২০০০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভ্লাদিমির পুতিনের বিরোধীদের অর্থ-সহায়তা দেওয়ার অভিযোগে খদোরকোভস্কি ক্রেমলিনের রোষানলে পড়েন।পুতিন ক্ষমতা গ্রহণের পর ২০০৩ সালে খদোরকোভস্কিকে গ্রেপ্তার ও তাঁর কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করা হয়। অভিযোগ রয়েছে, পুতিন এর আগে খদোরকোভস্কির বিচারকাজে নিজের প্রভাব খাটান। এবারও তিনি সেই চেষ্টা করছেন। আগামী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন পুতিন। প্রেসিডেন্ট নির্বাচনের আগে যাতে খদোরকোভস্কি কারাগার থেকে মুক্তি না পান, পুতিন সে চেষ্টাই করছেন। এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইন।