আদালতে আবার হাজিরা দেবেন গিলানি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, আদালত অবমাননার মামলায় ১৩ ফেব্রুয়ারি তিনি আবার আদালতে হাজিরা দেবেন। গত বৃহস্পতিবার পার্লামেন্টে গিলানি এ কথা বলেন।একই দিন সুপ্রিম কোর্টের বেঞ্চ গিলানিকে পরবর্তী তারিখে আবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার পর পার্লামেন্টে তিনি এ কথা জানান।পার্লামেন্টের নিম্নকক্ষে জাতীয় পরিষদে সংক্ষিপ্ত ভাষণে গিলানি বলেন, ‘এর আগেও আমি আদালতের সামনে হাজির হয়েছি। এখন তাঁরা আমাকে আবার হাজির হতে বলেছেন। আমি হাজির হব।’ তাঁর বক্তব্যে আভাস পাওয়া গেছে, তিনি বিচার বিভাগের সঙ্গে সংঘাতে যেতে চাইছেন না।গিলানি বলেন, ‘সবারই পাকিস্তানের সংবিধান মেনে চলা উচিত। সব প্রতিষ্ঠান যদি ১৯৭৩ সালের সংবিধান মেনে চলে, তাহলে আর কোনো কথাই হবে না। আর সব প্রতিষ্ঠানই পার্লামেন্টের কাছে দায়বদ্ধ।’এর আগে গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টে হাজিরা দেন প্রধানমন্ত্রী গিলানি। আদালতের নির্দেশমতো প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দায়ের হওয়া পুরোনো মামলাটি পুনরায় চালু করতে সুইজারল্যান্ড সরকারকে চিঠি না দেওয়ায় গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁকে আদালতে তলব করা হয়।সুপ্রিম কোর্টের সাত সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছেন, গিলানির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে ১৩ ফেব্রুয়ারি। ওই দিন তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আদালতের এই নির্দেশের পর সন্ধ্যায় পার্লামেন্টে যান গিলানি। এর আগে তাঁর আইনজীবী আইতজাজ আহসান তাঁকে আদালতের নির্দেশ সম্পর্কে অবহিত করেন। এ সময় গিলানির মন্ত্রিপরিষদের জ্যেষ্ঠ সদস্যসহ ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। ডন অনলাইন