আদালতে কাঁদলেন ব্রেইভিক
বোমা হামলা ও গুলি চালিয়ে ৭৭ ব্যক্তিকে হত্যাকারী নরওয়ের সেই অ্যান্ডারস বেরিং ব্রেইভিকের বিচার রাজধানী অসলোর আদালতে গতকাল সোমবার শুরু হয়েছে। আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেও ব্রেইভিক জোর দিয়ে বলেন, এ জন্য তিনি নিজেকে অপরাধী মনে করেন না।আদালতে আইনজীবী ইনগা বেজের ইং ব্রেইভিকের বিরুদ্ধে আনা সব অভিযোগ পড়ে শোনান। তিনি হত্যাকাণ্ড ও বোমা হামলার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেন। হামলার সময় ব্রেইভিকের অনলাইনে পোস্ট করা কিছু ছবি আদালতে দেখানো হয়। এ সময় ব্রেইভিকের মুখ হঠাৎ করেই লাল হয়ে যায়। আবেগে তিনি কাঁপতে থাকেন। একপর্যায়ে কেঁদে ফেলেন। ১২ মিনিট ধরে বড় একটি পর্দায় ব্রেইভিকের অনলাইনে পোস্ট করা ছবি ও চিত্রকর্ম দেখানো হয়। তবে এর আগে আদালতে যখন নিহত ব্যক্তিদের নাম পড়ে শোনানো হচ্ছিল, তখন ব্রেইভিক নির্বিকার ছিলেন। এ সময় তাঁকে হাসতেও দেখা যায়।আদালতে বিচারক ওয়েনচে এলিজাবেথ আরতেনজেকে উদ্দেশ করে ব্রেইভিক বলেন, ‘আমি এ আদালত মানি না। কারণ, এটি বহু সংস্কৃতিবাদী রাজনৈতিক দলগুলোর অনুগত।’ ব্রেইভিক আরও বলেন, বিচারক হিসেবে আরতেনজেকে মেনে নেওয়ার কোনো যুক্তি নেই। কারণ, তিনি নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা গ্রো হারলেম ব্রান্ডল্যান্ডের বোন। আদালত যদি ব্রেইভিককে মানসিকভাবে সুস্থ মনে করে, তাহলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আর অসুস্থ মনে করলে তাঁকে চিকিৎসাকেন্দ্রে পাঠানো হবে।গত বছরের ২২ জুলাই ব্রেইভিক অসলোর সরকারি ভবনে গুলি করে ও বোমা হামলা চালিয়ে আটজনকে হত্যা করে। এর পরে একটি দ্বীপে লেবার পার্টির একটি কর্মী সম্মেলনে গুলি করে ৬৯ জনকে হত্যা করে। বিবিসি ও এএফপি।