আদালতে গাদ্দাফির ছেলে সাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক নেতা প্রয়াত মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গতকাল বৃহস্পতিবার জিনতান শহরের একটি আদালতে হাজির করা হয়। ২০১১ সালের নভেম্বরে গ্রেপ্তারের পর থেকে এই শহরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্দী আছেন সাইফ।আদালতে নেওয়ার সময় সাইফ মৃদু হেসে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি ভালো আছি।’গাদ্দাফিকে ২০১১ সালের ২০ অক্টোবর হত্যা করা হয়। লিবিয়ার শাসনক্ষমতায় সাইফকে তাঁর উত্তরাসূরি মনে করা হতো। সাইফের বিরুদ্ধে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিচার করতে চান। বর্তমানে আইসিসির একজন আইনজীবীর কাছে স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে সাইফের বিচার চলছে। এসব তথ্য রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করছে লিবীয় কর্তৃপক্ষ। এর আগে একই অভিযোগে ১২ জনকে আদালতে হাজির করা হয়। গতকাল আদালতে হাজির করার সময় সাইফের দুজন আইনজীবীও তাঁর সঙ্গে ছিলেন। আইনজীবীরা মামলাটি খতিয়ে দেখতে আদালতের কাছে সময় চান।শুনানি শেষে আদালত মামলার কার্যক্রম আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। এর আগে সাইফের সঙ্গে সাক্ষাতের সময় স্পর্শকাতর তথ্য ও দলিলপত্র হস্তান্তরের অভিযোগে তাঁর অস্ট্রেলীয় আইনজীবী মেলিন্ডা টেইলরকে তিন সপ্তাহের জন্য হাজতে আটকে রাখা হয়। এএফপি।