আদালতে গড়াল ব্রেক্সিট বিতর্ক
ব্রেক্সিট কার্যকর করা নিয়ে চলমান বিতর্ক অবশেষে আদালতে গড়াল। পার্লামেন্টকে পাশ কাটিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে মন্ত্রিপরিষদের ইচ্ছায় ব্রেক্সিট কার্যকরের রূপরেখা নির্ধারণ করতে চান। এর বিপক্ষে পার্লামেন্টে ভোটাভুটির ভিত্তিতে ব্রেক্সিট কার্যকরের রূপরেখা তৈরির দাবিতে আদালতে আবেদন করা হয়েছে। আগামী সোমবার বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতে শুনানি হবে।
লন্ডনভিত্তিক ‘এসসিএম প্রাইভেট’ নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জিনা মিলার সরকারের বিরুদ্ধে করা এই আবেদনের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সঙ্গে ইইউপন্থী বিভিন্ন প্রচার গোষ্ঠীর পাশাপাশি ইইউভুক্ত বিভিন্ন দেশে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের অধিকার রক্ষায় গঠিত ‘ফেয়ার ডিল ফর এক্সপ্যাটস’ নামের একটি সংগঠনও এই মামলায় বাদী হয়েছে। মামলার বিষয়টিকে ইইউপন্থীরা স্বাগত জানাচ্ছে। তবে তীব্র সমালোচনা আসছে ব্রেক্সিটপন্থীদের তরফ থেকে।
ব্রেক্সিটের সমর্থকেরা বলছেন, আদালতের মাধ্যমে ব্রেক্সিট কার্যকরের চেষ্টাকে থামিয়ে দেওয়ার পাঁয়তারা হচ্ছে। মামলা পরিচালনায় যুক্তরাজ্যের ঝানু আইনজীবীদের নিয়োগ দিয়েছে দুই পক্ষ। এর শুনানি করবেন ইংল্যান্ড ও ওয়েলসের প্রধান বিচারপতি লর্ড থমাস। সোমবারই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত দিতে পারেন আদালত।
অভিবাসন বিতর্কের জের ধরে গত ২৩ জুন যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ রাখা না-রাখা নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়। এতে ৫২ শতাংশ মানুষ ইইউ থেকে বের হয়ে যাওয়ার পক্ষে রায় দেয়। ইইউ নিয়ম অনুযায়ী সম্পর্ক ছিন্ন করতে হলে যুক্তরাজ্যকে লিসবন চুক্তির আর্টিকেল ৫০ সক্রিয় করার আনুষ্ঠানিক আবেদন করতে হবে। এই আবেদনের দুই বছরের মাথায় পুরোপুরি সম্পর্কের সেলাই খুলবে। কিন্তু ব্রেক্সিট কার্যকরের পর ইইউর সঙ্গে নতুন সম্পর্ক কেমন হবে, তা নিয়ে বিপত্তি বাধে। কেননা ইইউ ছাড়লে যুক্তরাজ্য একক বাজারের সুবিধা হারাবে। এতে দেশের অর্থনীতি মারাত্মক ক্ষতির শিকার হবে। আবার ইইউর মৌলিক নীতি হচ্ছে, একক বাজারের সুবিধা পেতে হলে ইইউভুক্ত দেশের নাগরিকদের জন্য অভিবাসনও উন্মুক্ত রাখতে হবে।
ইইউ-বিরোধীরা বলছেন, ইইউ পুরোপুরি বাদ দিতে হবে। এমন মনোভাবকে বলা হচ্ছে ‘হার্ড ব্রেক্সিট’। আর ইইউপন্থীরা বলছেন, একক বাজারের সুবিধা রেখে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কোনো ক্ষতি না করে মধ্যবর্তী একটা সম্পর্ক ধরে রাখতে হবে। এমন মনোভাবকে বলা হচ্ছে ‘সফট ব্রেক্সিট’।
প্রধানমন্ত্রী থেরেসা মে সম্প্রতি ‘হার্ড ব্রেক্সিটে’র পথে হাঁটার ঘোষণা দিয়ে বলেন, আগামী মার্চের শেষের দিকে তিনি আর্টিকেল ৫০ সক্রিয় করবেন। তাঁর ওই বক্তব্যের পর তীব্র হয়ে ওঠে ব্রেক্সিট বিতর্ক। বিরোধী দলগুলো বলছে, সরকার পার্লামেন্টকে উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নিতে পারে না। তাঁরা বলছেন, জনগণ ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু এর শর্ত ঠিক করার জন্য থেরেসা মের সরকারকে কোনো একক ক্ষমতা দেয়নি।
তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, প্রাচীন একটি রাজকীয় আইন অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিশেষ ক্ষমতা সরকারের রয়েছে। তা ছাড়া শর্তগুলো এখনই উন্মুক্তভাবে আলোচনা করা হলে যুক্তরাজ্যের অবস্থান দুর্বল হয়ে যাবে। এমন ডামাডোলের মধ্যেই বিষয়টি আদালতে গড়াল। আদালতে আধুনিক গণতন্ত্রে ওই বিশেষ ক্ষমতা আইনের কার্যকারিতাকে চ্যালেঞ্জ করে সংসদে ভোটাভুটির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আদালতের সিদ্ধান্ত ভোটাভুটির পক্ষেই যাওয়ার সম্ভাবনা বেশি। আর এতে করে ব্রেক্সিট প্রক্রিয়া থেমেও যেতে পারে। কেননা সংসদের সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট সদস্য (এমপি) ইইউতে সদস্যপদ রাখার পক্ষে।
এদিকে ‘ফেয়ার ডিল ফর এক্সপ্যাটস’ নামের সংগঠনটি ইইউ কমিশনের প্রেসিডেন্ট জ্য ক্লুদ ইয়ুঙ্কারের বিরুদ্ধে ইউরোপীয় আদালতে আলাদা একটি মামলা করেছে। সংগঠনটির দাবি, আর্টিকেল ৫০ সক্রিয় করার আগে ব্রেক্সিট আলোচনা নিষিদ্ধ করে ইয়ুঙ্কারের দেওয়া নির্দেশের কারণে তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন গতকাল বৃহস্পতিবার তাঁর দলের সম্মেলনে ব্রেক্সিটের বিরোধিতা করে ঘোষণা দিয়েছেন, আগামী সপ্তাহেই স্কটল্যান্ডের স্বাধীনতা বিষয়ে নতুন আইনের মতামত যাচাই শুরু হবে। তিনি বলেন, সরকার যদি ‘হার্ড ব্রেক্সিটে’র পথে হাঁটে, তবে তা কার্যকরের আগেই স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে তিনি আবার গণভোটের আয়োজন করবেন।