পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য বিবেচিত হওয়ার কোনো সম্পর্ক নেই। গতকাল সোমবার রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না বলে ঘোষণা করেন।এদিকে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় গত রোববার আফগানিস্তানের সীমান্তসংলগ্ন উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকায় সন্দেহভাজন ইসলামপন্থী তিন জঙ্গি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার। ইউসুফ রাজা গিলানি সাংবাদিকদের বলেন, ‘এমন কোনো আইন নেই, যার আওতায় আদালত জনগণের নির্বাচিত প্রতিনিধিকে অযোগ্য ঘোষণা করতে পারেন।’ তিনি বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার আশঙ্কা প্রসঙ্গে গিলানি সাংবাদিকদের বলেন, ‘এমনকি আমি যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অযোগ্য ঘোষিত হই, তা পাকিস্তান পিপলস পার্টির জন্য বিপর্যয় ডেকে আনবে না।’এদিকে নতুন করে ড্রোন হামলার ঘটনায় পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কে আবারও টানাপড়েন দেখা দিয়েছে। দুই সপ্তাহ আগে দেশটির পার্লামেন্ট ড্রোন হামলায় সেনা নিহত হওয়ার ঘটনায় ওয়াশিংটনের কাছে ‘নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার’ দাবি জানায়। গত নভেম্বরে ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্কের অবনতি হয়। পাকিস্তানের পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষমাপ্রার্থনা ও অবিলম্বে ড্রোন হামলা বন্ধ করার দাবি জানানো হয়।তবে ড্রোন হামলায় ২৪ সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র দুঃখ প্রকাশ করলেও নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে।গতকাল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ ধরনের হামলা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তা দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্কের পরিপন্থী। এটি একই সঙ্গে পাকিস্তানের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি হুমকির শামিল।নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পাকিস্তানে ড্রোন হামলা বন্ধের কোনো পরিকল্পনা ওবামা প্রশাসনের নেই। আফগানিস্তানে অবস্থান করা ন্যাটো সেনাদের রসদ সরবরাহের জন্য পাকিস্তান যাতে আবার সে দেশের সীমান্ত পথ খুলে দেয়, এর জন্য ড্রোন হামলা অব্যাহত রেখে ইসলামাবাদের ওপর চাপ সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। গত নভেম্বরে ড্রোন হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহের জন্য নিজ দেশের সীমান্ত পথ ব্যবহারের অনুমতি বাতিল করে পাকিস্তান সরকার। ডন, এপি।