আদালতে প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি ম্যানিংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোপন নথি ফাঁস করার অভিযোগে আটক মার্কিন সেনা ব্রাডলি ম্যানিংকে গত বৃহস্পতিবার শুনানির জন্য সামরিক আদালতে হাজির করা হয়। তবে আদালতের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান ম্যানিং।গোপন তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের কাছে মার্কিন গুরুত্বপূর্ণ নথি ম্যানিংই সরবরাহ করেন বলে সন্দেহ করা হয়। উইকিলিকস কয়েক দফায় এসব তথ্য প্রকাশ করে।ম্যানিংয়ের বিরুদ্ধে ২২টি অভিযোগ আনা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা শৃঙ্খলা ভঙ্গের ইতিহাসে অন্যতম ঘটনা। ম্যানিংয়ের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর হলো ‘শত্রুকে সহায়তা করা’। এই অভিযোগ প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।ওয়াশিংটন থেকে দূরে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে স্থাপিত সামরিক আদালতে ম্যানিংকে হাজির করা হয়। ৪৫ মিনিট ধরে চলা শুনানির শুরুতে বিচারক ডেনিস লিন্ড তাঁকে জিজ্ঞেস করেন, তিনি নিজের অধিকার ও অভিযোগগুলো বুঝেছেন কি না। ম্যানিং বলেন, ‘হ্যাঁ, মাননীয় বিচারক, আমি বুঝেছি।’ পরে ম্যানিং কোনো প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান। বিচারের জন্য একজন সামরিক বিচারক নাকি সামরিক জুরি চান—এমন প্রশ্নেরও কোনো জবাব দেননি ম্যানিং। ম্যানিংয়ের পক্ষের বেসামরিক আইনজীবী ডেভিড কম্বস আগামী জুনে সামরিক আদালতে তাঁর বিচার শুরু করতে আদালতের প্রতি আহ্বান জানান। এএফপি।