আদালতে ব্রেইভিকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
নরওয়ের উটোয়া দ্বীপে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত অ্যান্ডার্স ব্রেইভিকের বিরুদ্ধে আদালতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। তাঁর হামলায় গুলিবিদ্ধ হয়েও প্রাণে বেঁচে গেছেন এমন কয়েকজন গতকাল সোমবার শুনানিতে ভয়াবহ ওই ঘটনার বর্ণনা দেন।দ্বীপটি থেকে আহতাবস্থায় সাঁতরে পালিয়ে বাঁচা এক তরুণী ফ্রিদা হোম সগলান্ড আদালতে বলেন, ‘ভেবেছিলাম, আমি এখন মারা যাব। তার পরও আমি গুলি খেয়ে মরার চেয়ে ডুবে মরা ভালো মনে করেছিলাম। বরফ-ঠান্ডা পানির ভেতর দিয়ে সাঁতরে প্রায় ৬০০ মিটার দূরে মূল ভূখণ্ডে উঠতে পেরেছিলাম।’গত বছরের জুলাইয়ে দ্বীপটিতে তরুণদের এক সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ৬৯ জন ও রাজধানী অসলোতে বোমা ফাটিয়ে আটজনকে হত্যার কথা স্বীকার করেন ব্রেইভিক (৩৩)। এর মধ্য দিয়ে তিনি কোনো অপরাধ করেননি বলেও দাবি করেন।আরেক প্রত্যক্ষদর্শী সিলজা ক্রিস্টিয়ানি ইউটেং (২১) বলেন, তিনি সমাবেশস্থল থেকে পালাতে লেকে ঝাঁপ দেন। জীবন বাঁচাতে আরও কয়েকজনের সঙ্গে সাঁতার শুরু করেন। কিন্তু তাঁকিয়ে দেখেন, খুনি তীরে দাঁড়িয়ে আছে। বিবিসি।