আদালতে মোশাররফকে জুতা নিক্ষেপ
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছেন একজন আইনজীবী। বেনজির ভুট্টো হত্যার ষড়যন্ত্র এবং বিচারপতিদের অবৈধভাবে বরখাস্ত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে হওয়া মামলায় গতকাল শুক্রবার জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানাতে আদালতে গেলে তিনি এ পরিস্থিতির শিকার হন।প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ গতকাল সিন্ধু প্রদেশের রাজধানী করাচির একটি আদালতে হাজির হলে প্রায় ২০ জন আইনজীবীর একটি দল তাঁর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। ‘মোশাররফ একজন স্বৈরশাসক, তাঁকে ফাঁসিতে ঝুলানো উচিত’ এ রকম স্লোগান দিতে থাকেন তাঁরা। এর একপর্যায়ে একজন আইনজীবী তাঁকে লক্ষ্য করে জুতা ছোড়েন। টেলিভিশনের দৃশ্যে দেখা যায়, জুতাটি মোশাররফের শরীরে লাগেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর পরই সাদা পোশাকধারী নিরাপত্তাকর্মীরা ওই আইনজীবীকে আদালতের কক্ষ থেকে বের করে নিয়ে যান।চার বছর স্বেচ্ছায় নির্বাসিত জীবন কাটানোর পর ১১ মের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে মোশাররফ গত রোববার দেশে ফেরেন। ২০০৭ সালে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ড, একই বছর বিচারপতিদের বরখাস্ত করা এবং ২০০৬ সালে বেলুচ বিদ্রোহী নেতা আকবর বুগতির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোশাররফের বিরুদ্ধে মামলা চলছে। এসব মামলায় তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানাতে তিনি আদালতে হাজির হয়েছিলেন।আদালত ও মোশাররফের দল অল পার্টি মুসলিম লিগের (এপিএমএল) কর্মকর্তারা জানান, বিচারপতিদের বরখাস্ত করা-সংশ্লিষ্ট মামলায় দুই সপ্তাহের জন্য এবং অপর দুটি মামলায় ২১ দিনের বর্ধিত মেয়াদে জামিন পান মোশাররফ।পাঁচ বছর আগে অভিশংসন-প্রক্রিয়া চলার মুখে সাবেক এই প্রেসিডেন্ট পদত্যাগ করলেও এখনো বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। আসন্ন নির্বাচনে তাঁকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা না হলেও তিনি এতে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের তালেবান ঘোষণা দিয়েছে তারা পারভেজ মোশাররফকে হত্যার জন্য একটি বিশেষ বাহিনী গঠন করেছে। তবে এ হুমকি উপেক্ষা করে মোশাররফ গত সপ্তাহে দেশে ফেরেন। এএফপি।