যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথন প্রতিযোগিতায় হামলার ঘটনায় সন্দেহভাজন জোখার সারনায়েভ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। গত বুধবার তাঁকে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়।গত ১৫ এপ্রিল ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ঐতিহ্যবাহী বোস্টন ম্যারাথনে জোড়া বোমা হামলায় তিনজন নিহত ও ১৭০ জন আহত হন। চেচেন বংশোদ্ভূত দুই ভাই জোখার সারনায়েভ ও তামেরলান সারনায়েভ এই হামলায় জড়িত বলে দাবি করে পুলিশ। বোস্টন হামলার এক দিন পর পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হন বড় ভাই তামেরলান। এর পরদিন আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় ছোট ভাই জোখারকে।১৯ বছর বয়সী জোখারকে কারাগারের পোশাক পরা ও হাতকড়া লাগানো অবস্থায় বোস্টনের আদালতে হাজির করা হয়। মাত্র সাত মিনিট শুনানি চলে। জোখারের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারসহ ৩০টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৭টি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান রাষ্ট্রপক্ষের অভিযোক্তারা। এসব অভিযোগ পড়ে শোনানো হলে জোখার সব অস্বীকার করেন। বিবিসি।