আদালতে হাজির
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের লিটনস্টোন পাতাল রেলস্টেশনে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগে মুহায়দিন মির নামের এক যুবককে গতকাল সোমবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পূর্ব লন্ডনের স্যানসম রোডের বাসিন্দা ২৯ বছর বয়সী ওই যুবক গত শনিবার লিটনস্টোন এলাকায় ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরি মেরে গুরুতর জখম করেন বলে অভিযোগ আনা হয়। ওই হামলায় আরেক ব্যক্তি আহত হন। ওল্ড বেইলিতে আগামী শুক্রবার মামলাটির শুনানি হবে। শনিবারের ওই হামলার পর লন্ডনের পাতাল রেলস্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার ঘটনাটির কোনো ছবি বা ভিডিও থাকলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের উপপ্রধান কনস্টেবল অ্যাড্রিয়ান হ্যানস্টক। ওই বাহিনীর সহকারী প্রধান কনস্টেবল মার্ক নিউটন বলেন, জনগণের ভ্রমণ নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে।
বিবিসি