আদালতের আদেশের বিরুদ্ধে সরকারের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশের বিরুদ্ধে গতকাল শনিবার আপিল করেছে কেন্দ্রীয় সরকার৷ এর আগে যত দ্রুত সম্ভব, তাঁকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে গত শুক্রবার সিন্ধু আদালতে আবেদন করেছেন মোশাররফ৷ খবর ডন ও এএফপির৷
গত বৃহস্পতিবার মোশাররফের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারকে নির্দেশ দেন সিন্ধু হাইকোর্ট৷ এই আদেশকে চ্যালেঞ্জ করে তাঁর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রাখার আবেদন করেন অ্যাটর্নি জেনারেল সালমান আসলাম বাট৷
অ্যাটর্নি জেনারেল বলেন, মোশাররফের বিদেশে যাওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঝুঁকি কেন্দ্রীয় সরকার নিতে পারে না৷ কারণ, রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হওয়ায় তাঁর পালিয়ে যাওয়ার আশঙ্কা আছে৷
এপ্রিল থেকে করাচিতে মেয়ের সঙ্গে থাকছেন পরাভেজ মোশাররফ৷ এ বছরের জানুয়ারিতে একটি শুনানিতে হাজিরা দিতে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে নৌবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়৷ তখন থেকে করাচিতে তাঁর চিকিৎসা চলছে৷