আদালতের কাঠগড়ায় ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী তিমাশেঙ্কো
ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ও ২০০৪ সালের ‘কমলা বিপ্লবের’ নেত্রী ইউলিয়া তিমাশেঙ্কো গতকাল শুক্রবার কিয়েভের একটি আদালতে হাজির হয়েছেন। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর বিচার চলছে।রাশিয়ার সঙ্গে একটি জ্বালানি চুক্তি সই নিয়ে ইউলিয়া তিমাশেঙ্কোর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। তিমাশেঙ্কো তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এটি হচ্ছে প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের প্রতিহিংসার ফল।২০১০ সালে এক অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান তিমাশেঙ্কো। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা খতিয়ে দেখতে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।তিমাশেঙ্কোকে যখন কিয়েভের আদালতে নেওয়া হয়, তখন আদালতের বাইরে জড়ো হন তাঁর প্রায় এক হাজার সমর্থক। তদন্তকারী কর্মকর্তারা বলেন, অনেক বেশি দামে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে ১০ বছরের জন্য করা একটি চুক্তিতে সম্মত হন তিমাশেঙ্কো, যা ছিল ইউক্রেনের অর্থনীতির জন্য বিপর্যয়কর। তাঁরা আরও বলেন, ওই চুক্তি স্বাক্ষরের জন্য মন্ত্রিসভার অনুমোদন ছিল না। বিবিসি।