আদালতের গোপন আদেশ প্রকাশ
মার্কিন নাগরিকদের ফোন রেকর্ড সংগ্রহের ব্যাপারে আদালত যে গোপন আদেশ দিয়েছিলেন তা প্রকাশ করেছে প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার। গোপন নজরদারি কার্যক্রমের খবর ফাঁস হয়ে যাওয়ার প্রেক্ষাপটে ওবামা প্রশাসন গত বুধবার এই ব্যবস্থা নেয়।আইনপ্রণেতাদের ব্যাপক চাপের মুখে মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেমস কোল বুধবার বলেন, সরকার কীভাবে মার্কিন টেলিকম প্রতিষ্ঠান ভেরিজোনসহ বিভিন্ন কোম্পানির কল রেকর্ড সংগ্রহ করতে পারে, তা আদালতের আদেশে স্পষ্ট করে বলা আছে। তিনি সিনেটরদের জানান, আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট ফোন নম্বরটি সুনির্দিষ্ট কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্কযুক্ত—এ রকম কোনো ধরনের যুক্তিসংগত সন্দেহ থাকলে সরকার ওই তথ্য চাইতে পারে।ওয়াশিংটন পোস্ট-এর খবরে জানানো হয়েছে, ভেরিজোন টেলিকমিউনিকেশনসের একটি সহযোগী প্রতিষ্ঠানের কাছে গত এপ্রিল মাসে টেলিফোনসংক্রান্ত তথ্য-উপাত্ত চাওয়া হয়েছিল বলে ওবামা প্রশাসন নিশ্চিত করেছে। তবে একটি পাদটীকায় বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, ওই টেলিফোন ‘মেটাডাটার’ মধ্যে যোগাযোগের কোনো প্রকার ‘প্রকৃত বিষয়বস্তু’, যেমন গ্রাহকের নাম, ঠিকানা বা আর্থিক বিষয়গুলো অন্তর্ভুক্ত নয়।মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার যে তিনটি গোপন নথি প্রকাশ করেছেন, তার একটি হচ্ছে ওই আদেশ। এতে বলা হয়েছে, ক্ল্যাপার মনে করছেন, জনস্বার্থেই ওই নথিগুলো প্রকাশ করা হয়েছে।মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন গত জুন মাসে ওই মার্কিন গোপন নজরদারির খবর ফাঁস করে হইচই ফেলে দেন। বিষয়টি ব্যক্তিগত গোপনীয়তার সঙ্গে সম্পৃক্ত হওয়ায় দেশটির জনমত ওই গোপন কার্যক্রমের বিপক্ষে। গোপন নজরদারির খবর ফাঁস করার পর স্নোডেন যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে রাশিয়ার মস্কোর একটি বিমানবন্দরের ট্র্যানজিট এলাকায় অবস্থান করেন। যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হওয়া এড়াতে তিনি নিরাপদ কোনো দেশে রাজনৈতিক আশ্রয় গ্রহণের চেষ্টা করছেন। এএফপি।