আদালতের রায়ের বিরুদ্ধে শাকিল আফ্রিদির আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে কারাদণ্ডপ্রাপ্ত আলোচিত চিকিৎসক শাকিল আফ্রিদির সাজার বিরুদ্ধে গতকাল শুক্রবার আপিল করা হয়েছে। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে পেতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে সহায়তা করার দায়ে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা যায়। তবে পরবর্তী সময়ে কর্তৃপক্ষ বলেছে, জঙ্গিসংশ্লিষ্টতার দায়ে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে।চিকিৎসক শাকিল আফ্রিদিকে গত ২৪ মে পাকিস্তানের উপজাতীয় আদালতে ৩৩ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের ভেঙে পড়া সম্পর্কে আরও অবনতি ঘটে। ২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করে মার্কিন সেনারা। এর আগে লাদেনের উপস্থিতির বিষয়ে সুস্পষ্ট প্রমাণ পেতে ডিএনএ নমুনা পাওয়ার আশায় চিকিৎসক শাকিল আফ্রিদি ওই এলাকায় একটি সাজানো টিকাদান কর্মসূচি চালান। বিন লাদেন হত্যার পর ওই চিকিৎসককে গ্রেপ্তার করে পাকিস্তান। শাকিল আফ্রিদির পক্ষে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে পিস মুভমেন্ট নামের একটি জঙ্গিবিরোধী সুশীল সমাজ গোষ্ঠী। পিস মুভমেন্টের প্রধান ইদ্রিস কামাল বলেন, ‘আমরা তাঁর (শাকিল আফ্রিদি) বিরুদ্ধে দেওয়া শাস্তির বিরুদ্ধে আবেদন করেছি। মামলার রায় এবং তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো চ্যালেঞ্জ করেছি।’ এএফপি।