আদালতের শুনানিতে ক্ষমা চাইলেন মার্কিন সেনা রবার্ট বেলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন  সেনা রবার্ট বেলস
মার্কিন সেনা রবার্ট বেলস

আফগানিস্তানে গত বছর নির্বিচারে গুলি চালিয়ে ১৬ গ্রামবাসীকে হত্যার ঘটনায় ক্ষমা চেয়েছেন মার্কিন সেনা রবার্ট বেলস। বৃহস্পতিবার ওয়াশিংটনের এক সামরিক আদালতে শুনানিকালে তিনি এই ক্ষমা চান। এ সময় বেলস ঘটনাটিকে ‘কাপুরুষোচিত কাজ’ বলেও আখ্যা দেন।
৩৯ বছর বয়সী সেনাসদস্য বেলস আদালতে বলেন, ২০১২ সালের ১১ মার্চ গ্রামবাসীর ওপর হামলার সময় তিনি ‘ভীষণ আতঙ্ক ... ও এক ধরনের বাহাদুরির’ মধ্যে ছিলেন।
দুই সন্তানের জনক রবার্ট বেলস মৃত্যুদণ্ডের সাজা এড়াতে গত জুনে অপরাধ স্বীকার করেন। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলে ২০ বছরের মধ্যে তিনি মুক্তি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হতে পারেন।
ওয়াশিংটনের সামরিক ঘাঁটি ‘জয়েন্ট বেজ লিউইস-ম্যাককর্ড’-এর আদালতে শুনানিতে বেলস বলেন, ‘পরিবারের সদস্যহারা ওই লোকদের কাছে আমি সত্যি দুঃখিত। আমি তাঁদের পরিবারের সদস্যদের ফিরিয়ে দিতে পারলে স্বস্তি পেতাম।’
সামরিক আদালতের শুনানিতে নয় আফগান নাগরিক বক্তব্য দেন। মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান থেকে তাঁদের ওই আদালতে হাজির করে। বিবিসি।