আদালতের সম্মতিতে কিশোরীর মরদেহ সংরক্ষণ
১৪ বছর বয়সী এক কিশোরীর আবেদনের পরিপ্রেক্ষিতে তার মৃতদেহ সংরক্ষণের অনুমতি দেন আদালত। ক্যানসারে আক্রান্ত ওই কিশোরী ভবিষ্যতে সুস্থ হয়ে উঠতে পারে—এমন আশা নিয়ে এক বিচারকের কাছে চিঠি লিখে নিজের মরদেহ সংরক্ষণের এ আবেদন করে। মৃত্যুর আগেই আদালত থেকে সে ঐতিহাসিক রায়ও পায়।
গত মাসে ব্রিটিশ নাগরিক ওই কিশোরীর মৃত্যু হয় লন্ডনে। তার মরদেহ যুক্তরাষ্ট্রে নিয়ে সংরক্ষণ করা হচ্ছে।
ওই কিশোরী এক বিরল ক্যানসারে অসুস্থ হয়ে পড়ে। সে তার জীবনের শেষ দিনগুলোতে দুরারোগ্য ওই ক্যানসারের বিষয়ে ইন্টারনেটে খোঁজ করত। তখনই সে তার দেহ সংরক্ষণের ইচ্ছা পোষণ করে। তবে তার সে ইচ্ছায় মায়ের সমর্থন থাকলেও দ্বিমত পোষণ করেন বাবা। এ অবস্থায় সে তার ইচ্ছার কথা জানিয়ে এক বিচারকের কাছে চিঠি লেখে। সেখানে সে বলে, সে আরও অনেক দিন বাঁচতে চায়, মাটির নিচে সমাহিত হতে চায় না।
বিচারকের কাছে পাঠানো চিঠিতে ওই কিশোরী বলে, ‘কেন আমি এই অস্বাভাবিক কাজটি করতে চাই তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আমার বয়স মাত্র ১৪ বছর এবং আমি এখনই মরতে চাই না। কিন্তু আমি জানি, আমি মারা যাচ্ছি। আমি মনে করি, আমার শরীর সংরক্ষণ করা হলে একবার হয়তো সুযোগ পেতে পারি নিরাময়ের। এমনকি সেটা শত বছর পরও হতে পারে। আমি মাটির নিচে সমাহিত হতে চাই না। আমি দীর্ঘদিন বেঁচে থাকতে চাই। এটাই আমার ইচ্ছা।’
কিশোরীর চিঠি পাওয়ার পর বিচারক পিটার জ্যাকসন হাসপাতালে মেয়েটিকে দেখতে যান। পরে আদালতে দেওয়া রায়ে বলেন, মেয়েটির মৃতদেহ নিষ্পত্তি নিয়ে অভিভাবকদের মধ্যে বিতর্ক ছিল। বিষয়টি সমাধানের জন্য তার মায়ের সিদ্ধান্তকেই বিবেচনা করার নির্দেশ দেন তিনি।
কিশোরীর ওই আবেদন ও আদালতের দেওয়া নির্দেশনা সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর বিষয়টি প্রথমবারের মতো আদালতে উত্থাপন করা হয়। আদালত ৬ অক্টোবর সিদ্ধান্তের কথা জানান।